২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার পশুরহাটে ভারতীয় গরু, খামারিরা বিপাকে

কুষ্টিয়ার কোরবানির পশুর হাটগুলোতে ভারতীয় গরুর ব্যাপক মজুদের কারণে দেশের গরুর খামারিরা বিপাকে পড়েছেন।

হাসান আলী

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 09:45 PM

Updated : 13 Oct 2022, 02:59 PM

এ অবস্থায় সারা বছর গরু লালনপালন করে কাঙ্ক্ষিত মুনাফা পাওয়া নিয়ে শঙ্কায় আছেন এ অঞ্চলের কয়েকহাজার গরু খামারি।

তাদের অভিযোগ প্রতিদিন ভারত থেকে বন্দর পথে এলসির মাধ্যমে এবং সীমান্তের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে চোরাই পথে আসছে গরুর পাল। ফলে কোরবানির পশু হাটগুলি এখন ভারতীয় গরুতে সয়লাব হয়ে গেছে।

কয়েকজন খামারি জানান, কয়েক যুগ ধরে কুষ্টিয়া অঞ্চলে উন্নতজাতের গরু পালিত হয়ে আসছে। জেলার খামারিরা ঈদুল আজহাকে কেন্দ্র করে বছরের শুরুতেই বাণিজ্যিকভাবে গরু মোটাতাজাকরণ প্রক্রিয়া শুরু করেন। স্থানীয় চাহিদা মিটিয়ে তা অনেক ক্ষেত্রে দেশের অন্যান্য জেলায়ও সরবরাহ করেন গরু ব্যাপারীরা।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আসাদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছর কোরবানির ঈদকে সামনে রেখে প্রায় অর্ধলক্ষাধিক গরু মোটাতাজা করা হয়েছে এসব অঞ্চলে, যার মূল্য প্রায় দুইশত কোটি টাকা। অতীতের ধারাবাহিকতা ঠিক থাকলে এসব গরুর মূল্য প্রতিটি ২৫ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত হবে।

এদিকে বিগত বছরগুলোতে ঈদের একমাস আগে থেকেই কোরবানির পশুর বাজার ক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠলেও এবার হাটে তোলা সবগুলো গরু নিয়েই বাড়ি ফিরতে হচ্ছে খামারিদেরকে। গত মওসুমে দেশের বিভিন্ন জেলার ব্যাপারীরা কুষ্টিয়ার বাড়ি বাড়ি হানা দিয়ে গরু কিনলেও এবারের পরিবেশ তার উল্টো।

কোরবানির পশুর হাটের এই নাজুক অবস্থার জন্য ভারতীয় গরুর আমদানিকেই দুষছেন স্থানীয়রা।

বিষয়টি স্বীকার করে বিজিবির কুষ্টিয়া ৩২ ব্যাটলিয়নের সিও কাজী আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কুষ্টিয়া সীমান্তে কোনো অনুমোদিত করিডোর না থাকায় এ অঞ্চল দিয়ে ভারতীয় গরুর অনুপ্রবেশ নেই। তবে সীমান্ত সংলগ্ন চুয়াডাঙ্গার ২৬ বিজিবি, যশোরের ৬ বিজিবি ও খুলনার ২৩ বিজিবির এলাকাধীন সীমান্তে অনুমোদিত করিডোর দিয়ে রাজস্ব পরিশোধ করেই বেশি সংখ্যক ভারতীয় গরু আসছে। 

কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের খামারি মন্টু মাঝি জানান, ঈদকে সামনে রেখে তিনি চারটি গরু মোটাতাজা করেছেন। ঈদের বাজারে এসব গরু এক থেকে দেড়লাখ টাকায় বিক্রি করার আশা ছিলো তার। তবে হাটে গিয়ে দেখেন গত বছর যে আকারের গুরু ৫০ হাজার টাকা বিক্রি হয়েছে এবার তার দাম উঠছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা।

মিরপুর উপজেলার কালিতলার খামারি আক্কাস আলী জানান, একটি এনজিও থেকে ঋণ নিয়ে তিনি সাতটি গরু কিনে মোটাতাজা করেছিলেন তিনি। তবে এবারের পশুর হাটে ভারতীয় গরুর মজুদ দেখে তিনি লাভ তো দূরের কথা ঋণশোধ করা নিয়ে শঙ্কায় পড়েছেন।

ঈদুল আজহার ছয় মাস বা এক বছর আগে এই অঞ্চলের সচ্ছল ব্যক্তিরা গরু কিনে অপেক্ষাকৃত দরিদ্র লোকজনকে তা লালনপালন করতে দেন। বিক্রির পর কেনামূল্যের চেয়ে যা বেশি পাওয়া যায় ভাগ করে নেন খামারি ও মালিক।

তবে বাজার নিম্নমুখী হওয়ায় নিয়ম অনুসরণ করলে খামারিদের জন্য কিছুই থাকছে না।