২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ দাবিতে অনশনে প্যানেলভুক্ত শিক্ষকরা

চাকরিতে নিয়োগ দাবিতে আমরণ অনশনে বসেছেন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 03:21 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

সোমবার সকাল ১০টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানের শিখা চিরন্তনীর সামনে বেসরকারি রেজিস্ট্রার্ড প্যানেলভুক্ত প্রাথমিক শিক্ষক ঐক্যজোটের আহ্বানে এ কর্মসূচি শুরু হয়।

আন্দোলনকারী শিক্ষকরা জানান, ২০১০ সালের ২২ এপ্রিল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পরে ২০১২ সালের ৯ এপ্রিল তাদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। তখন ১৪ হাজার শিক্ষককে নিয়োগ দেয়া হলেও ২৬ হাজার জনকে প্যানেলভুক্ত রাখা হয়।

জামালপুর থেকে আসা প্রাথমিক শিক্ষক মো. হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২০১৩ সালের ৯ জানুয়ারি সব রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হলে আমরা ভেবেছিলাম আমাদেরও এর আওতায় আনা হবে। কিন্তু পরে এক সরকারি প্রজ্ঞাপনে  ২৬ হাজার শূন্য পদে নতুন নিয়োগ দেয়ার কথা বলা হয়।”

ঐক্যজোটের যুগ্ন সম্পাদক মিজানুর রহমান বলেন, “আমরা সমাজের বোঝা হয়ে বাঁচতে চাই না। দাবি পুরণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করবো।”

অনশনস্থলে গিয়ে দেখা যায় প্রায় শতাধিক শিক্ষক এ অনশন কর্মসূচিতে অবস্থান করছেন। এদের মধ্যে অনেকেই কাফনের কাপড় পরে আছেন।

ঐক্যজোটের সভাপতি অপু সরকার বলেন, “আমরা গতকাল শহীদ মিনারে অবস্থান নিয়েছিলাম। শান্তিপূর্ণ কর্মসূচি চলার সময় প্রশাসনের পক্ষ থেকে আমাদের সেখান থেকে সরে যেতে বলা হয়।”