২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকের টাকার জন্য স্ত্রীকে পোড়ানোর অভিযোগ

রাজধানীর জুরাইনে মাদকের টাকা না পেয়ে এক ব্যক্তি তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2013, 02:07 PM

Updated : 23 Aug 2022, 07:03 PM

দগ্ধ লাভনী আক্তারকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে তার স্বামী মানিক পলাতক রয়েছে। এই দম্পতির দুটি সন্তান রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত রোববার গভীর রাতে জুরাইন মেডিকেল রোডের একটি বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। আগুনে লাভনীর শরীরের অর্ধাংশের বেশি পুড়ে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

লাভনীর বড় বোন লিজা আক্তার বলেন, মানিক প্রায়ই তার বোনকে বাবার কাছ থেকে মাদকের টাকা নিতে চাপ দিতো। নিযার্তনও করতো। টাকা না আনলে লাভনীকে পুড়িয়ে মারবে বলেও হুমকি দিয়েছিল।

লাভনী মাঝেমধ্যে বাবার কাছ থেকে এক হাজার করে টাকা এনে দিতো বলে জানান তিনি।

লিজা আক্তার বলেন, “রোববারও মানিক মাদক কিনতে টাকার জন্য চাপ দিতে থাকে। টাকা না আনায় রাত ১টার দিকে লাভনীর গায়ে কোরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।”

পরে তাকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

এ বিষয়ে কদমতলী থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে মানিক পলাতক রয়েছে।

অবশ্য এ ব্যাপারে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি বলে জানান তিনি।