‘এমপিওভুক্তি মান কমাচ্ছে শিক্ষার’
শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হওয়ায় শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
সাংসদ আব্দুল মতিন খসরু রোববার সংসদে প্রতি উপজেলায় তিনটি করে শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারের এই মেয়াদেই এমপিভুক্ত করার দাবি জানান।
জবাবে মুহিত বলেন, “এমপিও সিস্টেম প্রবর্তিত হওয়ার পরে শিক্ষার মান ব্যাপকভাবে সাফার করেছে। এনিয়ে ইতিবাচক কোনো কথা বলতে পারছি না।”
ফজলে রাব্বী মিয়াও এক সম্পূরক প্রশ্নে এমপিও দেয়ার দাবি জানালে অর্থমন্ত্রী বলেন, “এ বিষয়ে কোনো উত্তর দিতে আমি প্রস্তুত নই। তবে সংসদ সদস্যদের আগ্রহ উপলব্ধি করার চেষ্টা করছি। যে কোনোভাবে বিবেচনা করতে হবে। তবে ফলাফল কী হবে তা জানি না।”
আরেক সম্পূরক প্রশ্নে হামিদ উদ্দিন আহমেদ বলেন, অনেক প্রকল্প আছে ব্যাপক অনিয়ম-দুর্নীতি হয়। সেখান থেকে খরচ কমিয়ে শিক্ষকদের জন্য তা কাজে লাগানো হোক।
তবে এ বিষয়েও অর্থমন্ত্রী সুস্পষ্ট করে কিছুই বলেননি।
শিক্ষা মন্ত্রণালয় জানান, সাত হাজারেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও’র জন্য মন্ত্রণালয়ের আবেদন পড়েছে।
তবে আর্থিক সঙ্গতি না থাকায় এক হাজারের বেশি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা সম্ভব না বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।
সরকারের মেয়াদের শেষ দিকে এসে এর আগে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকেও এমপিও নিয়ে বেশ কয়েকবার সাংসদের তোপের মুখে পড়তে হয়।
এমপিও না দেয়ার কারণ হিসাবে শিক্ষামন্ত্রী আর্থিক সঙ্গতি না থাকার কথা বারবারই সংসদে তুলে ধরেন।
শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে অর্থ ছাড় না দেয়ায় অর্থমন্ত্রীকে কৃপণ উল্লেখ করে সাংসদ আবুল কাশেম প্রশ্ন করেন, “এমপিওর টাকা কেন দিতে পারেন না?”
জবাবে মুহিত বলেন, “কীভাবে উত্তর দেব তা চিন্তা করতে পারছি না। তবে আমি মোটেই কৃপণ না। জাতীয় আয়ের ৩৪ কোটি টাকা অতিরিক্ত ব্যয় করেছি।”
অর্থমন্ত্রী বলেন, “এটা আমার পয়সা না, মানুষের টাকা। মানুষের সেবায়ই টাকা ব্যয় হয়।”
শিক্ষা মন্ত্রণায় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বাজেট আগে ৮ হাজার টাকা হলেও এখন তা ১৮ হাজার টাকায় দাঁড়িয়েছে বলেও সংসদে তথ্য তুলে ধরেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়েছে। মাধ্যমিকের শিক্ষকদের ভাতা বাড়ছে। নতুন বিল্ডিং, স্কুল নির্মাণ করেছি, এগুলো কৃপনতা নয়। তবে এমপিও দাবি পুরোপুরি মেনে নেয়া যাচ্ছে না।
