মীর কাসেমের বিরুদ্ধে সূচনা বক্তব্য ২৮ অক্টোবর
একাত্তরে যুদ্ধাপরাধে অভিযুক্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর মামলায় ২৮ অক্টোবর সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল।
ওইদিন তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদনের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হবে।
রোববার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।
এদিন আসামির আইনজীবী তানভীর আল-আমিন অভিযোগ গঠনের আদেশের পুনর্বিবেচনার আবেদনের বিষয়ে ট্রাব্যুনালের দৃষ্টি আকর্ষণ করলে প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন আবেদনের বিষয়ে আপত্তি জানান।
তখন ট্রাইব্যুনাল বলেন, আবেদনটি ট্রাইব্যুনাল ১-এ করা হয়েছিল, কিন্তু ট্রাইব্যুনাল-১ এ বিষয়ে শুনানি গ্রহণ করেননি। তাই এ ট্রাইব্যুনাল (ট্রাইব্যুনাল-২) এবিষয়ে শুনানি গ্রহণ করবে কি না সে বিষয়ে আইন খতিয়ে দেখতে হবে।
এর আগে গত ৫ সেপ্টেম্বর মীর কাসেমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।
তার বিরুদ্ধে ১৪টি অভিযোগের মধ্যে আটজনকে নির্যাতনের পর হত্যা, লাশ গুম এবং ৩৪ জনকে অপহরণের পর আটকে রেখে নির্যাতনের অভিযোগও রয়েছে।
জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেমকে গত বছর ১৭ জুন গ্রেপ্তার করা হয়। এরপর ট্রাইব্যুনালের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
মীর কাসেম জামায়াতে ইসলামীর অন্যতম প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত। তিনি ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং রাবেতা আল ইসলামী নামে একটি এনজিওর সাবেক আবাসিক প্রতিনিধি।
জামায়াত সমর্থক বলে পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনেরও চেয়ারম্যান তিনি। ওই প্রতিষ্ঠানেরই সংবাদপত্র দৈনিক নয়া দিগন্ত এবং টেলিভিশন চ্যানেল দিগন্ত টেলিভিশন।
প্রসিকিউশন বলছে, মানিকগঞ্জের হরিরামপুরের মীর কাসেমকে একাত্তরে চট্টগ্রামের মানুষ চিনতো মিন্টু নামে। কলেজছাত্র থাকাকালে সেখানেই তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত হন।
পরে তিনি জামায়াতের অঙ্গসংগঠন ইসলামী ছাত্রসংঘের চট্টগ্রাম জেলার সভাপতি হন এবং সংগঠনটির পূর্ব পাকিস্তান শাখার সাধারণ সম্পাদকও হন।
মুক্তিযুদ্ধের সময় তার নেতৃত্বে আলবদর সদস্য ও রাজাকাররা চট্টগ্রামের আন্দরকিল্লার ডালিম হোটেল, আসাদগঞ্জের চামড়ার গুদাম ও পাঁচলাইশের সালমা মঞ্জিলে নির্যাতনকেন্দ্র গড়ে তোলে।
১৯৭১ সালের ২৫ মার্চ রাত থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে তার নির্দেশনায় হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাটসহ বিভিন্ন ধরনের মানবতাবিরোধী অপরাধ ঘটানো হয়। মুক্তিযুদ্ধের শেষভাগে পাকিস্তানি বাহিনী এ দেশের যে বুদ্ধিজীবীদের হত্যা করে, তার তালিকা তৈরিতেও মীর কাসেম ছিলেন।
১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি ছাত্রসংঘ নাম বদলে ইসলামী ছাত্রশিবির নামে বাংলাদেশে রাজনীতি শুরু করলে মীর কাসেম তার প্রতিষ্ঠাতা সভাপতি হন।
