২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রেল কর্মকর্তা মৃধাসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রেলে নিয়োগে অনিয়মের অভিযোগে দুদকের করা মামলায় পূর্ব রেলের সাবেক মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধাসহ রেলের চারজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 09:14 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

রোববার চট্টগ্রাম মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ ও মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালত এই নির্দেশ দেন।

গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া বাকিরা হলেন- নিয়োগ কমিটির সদস্য সচিব ও  সাবেক জ্যেষ্ঠ ওয়েলফেয়ার অফিসার গোলাম কিবরিয়া, নিয়োগপ্রাপ্ত শাহিদা আক্তার ও নাজিম উদ্দিন।

এ মামলার ছয় আসামির মধ্যে নিয়োগ পাওয়া সোহেল রানা ও ইসমাইল হোসেন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন।

Image
জিএম ইউসুফ আলী মৃধা

জিএম ইউসুফ আলী মৃধা

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী পিপি মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ মামলায় অভিযোগপত্র দাখিলের পর শুনানির নির্ধারিত দিনে চার আসামি পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

তিনি বলেন, “আগামী ১৭ নভেম্বর এ মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছে।”

এবছরের ফেব্রুয়ারিতে দুই কর্মকর্তা ও নিয়োগপ্রাপ্ত চারজনের বিরুদ্ধে নগরীর কোতোয়ালী থানায় মামলাটি করেন দুদকের উপ-সহকারী পরিচালক নাজিম উদ্দিন।

তদন্ত শেষে গত ২৪ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দেয়া হয়।

২০১২ সালের ৯ এপ্রিল মধ্যরাতে ঢাকার বিজিবি সদর দপ্তরে সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সহকারী ওমর ফারুক তালুকদারকে বহনকারী গাড়িতে বিপুল পরিমাণ টাকা পাওয়ার ঘটনায় ব্যাপক তোলপাড় শুরু হলে ওই গাড়িতে থাকা ইউসুফ আলী মৃধাকে সাময়িক বরখাস্ত করা হয়। চাকরিচ্যুত হন ওমর ফারক তালুকদারও।

এরপর ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে রেলওয়েতে বিভিন্ন পদে নিয়োগে অনিয়মের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মোট ১৪টি মামলা করেছে দুদক।