‘নির্বাচন প্রতিহতের চেষ্টা হলে আইনি ব্যবস্থা’
নির্বাচন প্রতিহতের চেষ্টা করা হলে কঠোর আইনি ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ার করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর।
রোববার দুপুরে চাঁদপুরের কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ইমামদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আয়োজন করা হলে তাতে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।
এ ধরনের নির্বাচন প্রতিহত করতে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার নির্দেশও দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।
শনিবার সিলেটে ১৮ দলীয় জোট আয়োজিত জনসভায় নেতাকর্মীদেরকে ভোটকেন্দ্র ভিত্তিক সংগ্রাম কমিটি করে নির্বাচন ঠেকানোর নির্দেশ দিয়েছেন তিনি।
তবে নির্বাচনের বিরোধিতাকারীদের দমনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
ইমামদের উদ্দেশে তিনি বলেন, সাম্প্রদায়িকতার নামে মানুষে মানুষে অনৈক্য ও বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আমির জাফর, কচুয়া ইউএনও জিয়া আহমেদ সুমন, উপজেলা চেয়ারম্যান আইয়ুব আলী পাটওয়ারী, ভাইস চেয়ারম্যান সোহরাব হোসেন চৌধুরী, উপজেলা ইমাম সমিতির সভাপতি মোস্তফা আনোয়ারী।
