শিক্ষা বোর্ডে ই-সেবা
শিক্ষক-শিক্ষার্থীদের সুবিধায় শিক্ষা বোর্ডগুলোতে ই-সেবা কার্যক্রম শুরু হয়েছে।
রোববার ঢাকা টিচার্স কলেজ মিলনায়তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম দেশের ১০টি শিক্ষা বোর্ডের ই-সেবা কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জানানো হয়, সেবার পরিধি বাড়াতে শিক্ষা বোর্ডগুলো দেশের ৩০ হাজার স্কুল-কলেজ-মাদরাসায় সাব-ডোমেন তৈরি করেছে, বোর্ডের মূল ওয়েবসাইটের সঙ্গে লিঙ্ক রেখে এপ্লিকেশনগুলো পরিচালিত হবে।
এর ফলে স্কুল-কলেজগুলোর কর্তৃপক্ষই বোর্ডের ওয়েবসাইটে তাদের নোটিস, সংবাদ, লোগো, ফটো গ্যালারি, ইতিহাস, কার্যক্রম, একাডেমিক রেকর্ডসসহ বিভিন্ন বিষয় যুক্ত করতে পারবে।
এখন থেকে বোর্ডগুলোতে ইলেক্ট্রনিক স্টুডেন্টস ইনফরমেশন ফর্ম (ই-এসআইএফ), ইলেক্ট্রনিক ফর্ম ফিলআপ (ই-এফএফ), ইলেক্ট্রনিক ইনস্টিটিউট ইনফরমেশন (ই-আইআইএফ), ইলেক্ট্রনিক টিচার্স ইনফরমেশন (ই-টিআইএফ), ই-ড্রাফট, ই-এএফ, ই-এটেনড্যান্সসহ অনলাইনে হবে।
আগে এই কাজগুলো করতে সংশ্লিষ্টদের বেশ কয়েকবার শিক্ষা বোর্ডে আসতে হতো।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, “শিক্ষাখাতের সর্বত্র তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমরা কাজ করছি।”
এখন শিক্ষার্থীরা পাবলিক পরীক্ষার ফল ঘরে বসেই পেয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, ফল পুনঃপরীক্ষা, ফরম পূরণ, নিবন্ধনসহ সবই নিজ প্রতিষ্ঠানে বসে করা যাচ্ছে। মন্ত্রণালয়ের সব চিঠিপত্র, আদেশ-নির্দেশ, সার্কুলার-প্রজ্ঞাপন, নীতিমালা সবই অনলাইনে দেয়া হচ্ছে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি কার্ক্রম অনলাইনের আওতায় পরিচালিত হওয়ার বিষয়টিও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, দেশের ২৩ হাজার ৩০০ স্কুল-কলেজ-মাদরাসায় মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা পড়াশোনা করছে। শিক্ষকরা এখন ডিজিটাল কন্টেন্ট তৈরি করছেন। শিক্ষকদের জন্য খোলা হয়েছে শিক্ষক বাতায়ন ব্লক।
“শিক্ষার্থীদের জন্য বিমূর্ত শিখন বিষয়গুলো অনেক সহজ ও মূর্ত করে বোঝানো সম্ভব হচ্ছে। ব্লাকবোর্ড-চক-ডাস্টারের দিন শেষ।”
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগমের সভাপতিত্বে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী ছাড়াও বিভিন্ন বোর্ডের চেয়ারম্যারাও অনুষ্ঠানে বক্তব্য দেন।
