২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপজেলা পযায়ে ই-সার্ভিস চালুতে হাজার কোটি টাকা

দেশের উপজেলা পর্যায়ে সরকারি কার্যালয়গুলো পাবলিক নেটওয়ার্কের আওতায় (ই-সার্ভিস) আনতে ১ হাজার ৮৬ কোটি টাকার একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 05:00 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ‘ডেভলপমেন্ট অব ন্যাশনাল আসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গর্ভমেন্ট ফেস-২ (ইনফো-সরকার)’ শীর্ষক প্রকল্পের মাধ্যেমে এ কাজ করা হবে।

চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন এ প্রকল্প বাস্তবায়ন করবে।

রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নুরুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

প্রস্তাবের সংক্রান্ত সার-সংক্ষেপে বলা হয়, এ প্রকল্পের আওতায় প্রতি উপজেলায় গড়ে ৩০টি সরকারি অফিস, প্রতি জেলায় ৫৫টি সরকারি অফিস একটি নেটওয়ার্কে যুক্ত হবে ও ইন্টারনেট সংযোগ পাবে। এছাড়া ৪২১ উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়সহ ৮০০ পয়েন্টে ভিডিও কনফারেসিংয়ের ব্যবস্থা স্থাপিত হবে।

নুরুল কবির সাংবাদিকদের জানান, পানি উন্নয়ন বোর্ডের অধীনে পাবনার সুজানগর উপজেলার গজনার বিলের সংযোগ নদী খনন, সেচ সুবিধা উন্নয়ন ও মৎস্য চাষ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে ব্যয় হবে ১৭২ কোটি ৫৪ লাখ টাকা। এ কাজটি করবে সেনাবাহিনী পরিচালিত বাংলাদেশ ডিজেল প্লান্ট (বিডিপি) লিমিটেড।

এছাড়াও পানি উন্নয়ন বোর্ডের অধীনে ক্যাপিটাল (পাইলট) ড্রেজিং অব রিভার সিস্টেম ইন বাংলাদেশ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মাধ্যমে যমুনা নদীর ড্রেজিং কাজ করা হবে।

ইতোপূর্বে এর কাজ করেছিল সেসার্স চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কোম্পানি। দ্বিতীয় বছরের জন্যও একই প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে রক্ষণাবেক্ষণের জন্য। এতে ব্যয় হবে ৪৭ কোটি ৩৪ লাখ টাকা।

এ বাইরে আরো তিনটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এগুলো হলো ৩৩ আঞ্চলিক পার্সপোর্ট অফিস মেশিন রিডেবল পাসপোর্ট অফিসের যন্ত্রপাতি ক্রয়। এতে ব্যয় হবে ১৩৬ কোটি ৫২ লাখ টাকা। পিডব্লিউ-পিডব্লিউ ডাটা এজড প্রতিষ্ঠান এ কাজ পেয়েছে।

আড়িয়াল খাঁ নদীর ওপরে এবং কোচা নদীর ওপর পিসি গার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্পও সভায় অনুমোদন দেয়া হয়।