২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যমুনায় ক্যাপিটাল ড্র্র্রেজিংয়ে ‘ফাঁকি’

যমুনা নদীর সিরাজগঞ্জ পয়েন্টে সাড়ে পাঁচশ’ কোটি টাকা ব্যয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ক্যাপিটাল ড্র্র্রেজিং প্রকল্পে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজে ফাঁকির অভিযোগ উঠেছে।

ইসরাইল হোসেন বাবু

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2013, 04:05 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

পানি উন্নয়ন বোর্ড জানায়, এক বছর ভাঙন বন্ধ থাকার পর চলতি বছরের সেপ্টেম্বরে দুদফায় শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে ২২০ মিটার এলাকা নদীগর্ভে বিলীন হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের কাজ পর্যবেক্ষণে গঠিত টাস্কফোর্সের প্রধান তোফায়েল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নদীর গতিপথ পরিবর্তনে ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না-হারবার খনন করলেও খননের পর বালু নদীর অভ্যন্তরে স্তূপ করে রাখা হয় এবং অপরিকল্পিতভাবে নদীর পশ্চিমপাড়ে বালু দিয়ে চারটি ক্রসবার (বাঁধ) তৈরি করা হয়।

এতে নদীর গতিপথ পরিবর্তন তো দূরের কথা, উল্টো নতুন করে সৃষ্ট প্রবল ঘূর্ণাবর্তের কারণে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে স্রোত আরো তীব্রভাবে আঘাত হানছে।

এদিকে এ প্রকল্পের রক্ষণাবেক্ষণের জন্য আবারো অর্থ বরাদ্দ দেয়া হতে পারে বলে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, এর আগে খনন কাজে ব্যবহৃত চায়না-হারবার কোম্পানির (ঠিকাদারী প্রতিষ্ঠান) পাইপ ও যন্ত্রপাতিগুলো যমুনা নদীতে থাকায় রক্ষণাবেক্ষণের কাজটি ওই কোম্পানিকে দেয়া উচিত। এ কাজে নতুন কোনো ঠিকাদার নিয়োগ দিলে অতিরিক্ত ১৫-২০ কোটি ব্যয় বাড়বে বলে দাবি করেন তিনি।

তবে, প্রকল্পের পরিকল্পনা ও কৌশল নতুন করে নির্ধারণ অথবা আগের কোম্পানিকে (চায়না-হারবার) বাদ দেয়ার পক্ষে মতামত দিয়েছেন পাউবো, আইডব্লিউএম ও টাস্কফোর্সের প্রকৌশলীরা।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী বাবুল চন্দ্র শীল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোনো কাজ দেয়া বা পদক্ষেপ নেয়ার ব্যাপারে মন্ত্রণালয়ই সিদ্ধান্ত নেয়। এছাড়া কাজ পাওয়া কোম্পানিও নিজেদের মতো করে কাজ করে। এক্ষেত্রে স্থানীয় প্রকৌশলীদের কোনো ভূমিকা নেই।

তবে এ ধরনের প্রকল্প হাতে নেয়ার আগে স্থানীয় প্রকৌশলীদের সঙ্গে বারবার আলোচনা করা উচিৎ, যা এক্ষেত্রে করা হয়নি।

এ বিষয়ে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির সদস্য নব কুমার কর্মকার বলেন, ত্রুটিযুক্ত নকশায় ড্রেজিং করার কারণে নদীর গতিপথ পরিবর্তন হয়নি। উল্টো নদীর স্রোত শহর রক্ষা বাঁধে আঘাত হানায় ভাঙন সৃষ্টি হচ্ছে।

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ডপয়েন্ট, বঙ্গবন্ধু সেতুর গাইড বাঁধ সুরক্ষা এবং নদীর গতিপথ পরিবর্তনের লক্ষ্যে ২০১১-১২ অর্থবছরে প্রায় এক হাজার ২৮ কোটি টাকা ব্যয়ে শহর রক্ষা বাঁধের উজান থেকে টাঙ্গাইল জেলার ধলেশ্বর নদী পর্যন্ত প্রায় সাড়ে ২২ কিলোমিটার এলাকায় খননের জন্য রিভার সিস্টেম অব ক্যাপিটাল ড্রেজিং ইন বাংলাদেশ নামে পরিকল্পনা গ্রহণ করে পাউবো।

চায়না-হারবার ৪৬০ কোটি টাকা ব্যয়ে ১৪ কিলোমিটার দীর্ঘ, দুইশ’ মিটার প্রশস্থ এবং ৮ মিটার গভীরতায় খনন কাজ করে। একই কোম্পানি আবার একশ’ কোটি টাকা ব্যয়ে রক্ষণাবেক্ষণের কাজও করে।

এদিকে খনন কাজে উত্তোলন করা বালু নদীর অভ্যন্তরে বিশাল আকৃতির স্তূপ করে রাখা হয় এবং বাকি বালু দিয়ে নদীর পশ্চিমপাড়ে চারটি ক্রসবার বাঁধ তৈরি করা হয়।

স্তূপ করে রাখা বালু আবারও আগের স্থানে ফিরে যাওয়ায় এবং উজান থেকে আসা বালুতে ড্রেজিংয়ের স্থানটি ভরাট হয়ে গেছে।