দূষণের দায়ে গাজীপুরে কারখানার জরিমানা
বায়ু দূষণের দায়ে গাজীপুর সদর উপজেলায় একটি রাসায়নিক কারখানার পাঁচ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
শনিবার অধিদপ্তরের ঢাকা কার্যালয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর তাদের জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সদর উপজেলার করমপুরে মেসার্স ক্রিসেন্ট কেমিকেল লিমিটেডের বিষাক্ত গ্যাস বাতাসে নির্গমন করে মারাত্মক বায়ু দূষণ করছে। দূষণের কারণে করমপুর, কুদাবো গ্রামসহ আশপাশের এলাকার গাছ মরে গেছে।
গত ২৯ সেপ্টেম্বর পরিবেশ অধিদপ্তরের তদন্তে দূষণের প্রমাণ মেলায় কারখানাটিকে জরিমানা করা হয়েছে।
কারখানায় কর্মকর্তা সাইফুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কিছুদিন আগে সালফিউরিক অ্যাসিড প্লান্টের কাজ করার সময় অসাবধানতাবশতঃ ২/৩ মিনিটের জন্য কারখানার বিষাক্ত গ্যাস বায়ুতে ছড়িয়ে পড়েছিল।
