যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকরের দাবি
জামায়াতে ইসলামী ও এর ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে নিষিদ্ধ এবং যুদ্ধাপরাধীদের রায় দ্রুত কার্যকর করার দাবির মধ্য দিয়ে শেষ হয়েছে সাম্প্রদায়িকতাবিরোধী সংগঠনগুলোর জোট ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ এর জাতীয় কনভেনশন।
শনিবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় জোটের এই প্রথম জাতীয় কনভেনশন।
কনভেনশনে জোটের ১২ সদস্যের জাতীয় পরিষদ ও ঘোষণা করা হয়। এতে সভাপতির দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আনিসুজ্জামান এবং আহ্বায়ক সুলতানা কামাল।
এছাড়াও নয় সদস্যের নির্বাহী কমিটিতে স্থান পেয়েছেন সৈয়দ শামসুল হক, কামাল লোহানী, আকবর আলি, সারওয়ার আলী, জিয়াউদ্দিন তারেক আলী, আবেদ খান, রামেন্দু মজুমদার, রাণা দাশগুপ্ত ও অধ্যাপক এম এম আকাশ।
কনভেনশনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, “দেশের রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধের চেতনার সাথে বিশ্বাষঘাতকতা করেছে। আর এ জন্যই ৪০ বছর পরেও যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বিভিন্ন ভাবে প্রতিবন্ধকতার স্বীকার হচ্ছে।”
“আমরা জোড়ালো কন্ঠে বলতে চাই, এদেশে থেকে জামায়াত-শিবির নিষিদ্ধ হতেই হবে। মুক্ত চিন্তার পথ খোলা রাখতে হবে।”
সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।
সুলতানা কামাল বলেন, “এখন সময় এসেছে আত্মসমালোচনা করার। মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে দাঁড়ানোর কোন সুযোগ নেই।”
“রাজনৈতিক দলগুলোকে একটি শর্ত মানতেই হবে। তারা মুক্তিযুদ্ধের মুলনীতির থেকে কোন ভাবেই বিচ্যুত হতে পারবে না। যদি বিচ্যুত হয় তাহলে এদেশে তাদেরও কোন স্থান হবে না।”
‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ জাতীয় কনভেনশনের সঙ্গে সংহতি জানিয়ে গণজাগরণ মঞ্চের মুথপাত্র ইমরান এইচ সরকার বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে অবস্থান পরিষ্কার করতে হবে।
‘সাম্প্রদায়িক শক্তিকে দেশ থেকে বিতারিত’ করার ক্ষেত্রেও সরকারের কাছ থেকে স্পষ্ট জবাব চান তিনি।
সাম্প্রদায়িক শক্তিকে আগামী নির্বাচনে বর্জনের জন্য দেশের মানুষের কাছে আহ্বান জানান সাম্প্রদায়িক ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহ্বায়ক অজয় রায়।
সাহিত্যিক সৈয়দ শামসুল হক এই অশুভ শক্তির বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, “ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো সকল নষ্টের শেকড়। এদের নিষিদ্ধ করতে হবে। আপনারা উঠুন, জাগুন ও রুখে দাঁড়ান।”
কনভেনশনে বাংলাদেশ রুখে দাঁড়াও বাংলাদেশের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন সারোয়ার আলী।
তিনি বলেন, “সাম্প্রদায়িকতা ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে দেশের প্রতিটি জেলায় সমাবেশ কর্মসূচি পালন করা হবে।”
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, গার্মেন্টস শ্রমিক নেত্রী নাজমা আখতার, সামাজিক প্রতিরোধ কমিটির আয়েশা খানম প্রমুখ।
