২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙামাটিতে ৩ জনকে অপহরণের অভিযোগ

রাঙামাটির দুর্গম বাঘাইছড়ি উপজেলায় তিন গ্রামবাসী অপহৃত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2013, 10:08 AM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শুক্রবার রাতের এই অপহরণের ঘটনার জন্য জনসংহতি সমিতি দায়ী করেছে পাহাড়ে তাদের প্রতিপক্ষ দল ইউপিডিএফকে। তবে ইউপিডিএফ সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা ইউনিয়নের সাম্যমৈত্রী পাড়া থেকে রাতে দুর্বৃত্তরা সুমন চাকমা (২৮), উদয়ন চাকমা (৩৮) ও লাল চাকমাকে (৪২) ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন।

মারিশ্যার ইউপি চেয়ারম্যান তন্টুমনি চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাতে একদল লোক অপহৃত তিন জনের বাসায় গিয়ে পানি খাওয়ার কথা বলে। দরজা খুললে তাদের ধরে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।”

জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বড়ঋষি চাকমা এই ঘটনার জন্য প্রতিপক্ষ দলকে দায়ী করেছেন।

ইউপিডিএফের পাশাপাশি সংস্কারপন্থী জনসংহতি সমিতিকে দায়ী করে অপহৃতদের অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানিয়েছেন তিনি।

এই বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ পুরোপুরি উড়িয়ে দেন।

তিনি বলেন, “বৃহস্পতিবার ওই উপজেলার সাজেক থেকে আমাদের সমর্থিত এক কারবারিকে (গ্রামপ্রধান) জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যরা অপহরণ করেছে। ওই ঘটনা আড়াল করতে এখন এই অভেোযগহ তুলেছে।”

এই অপহরণে ইউপিডিএফ কোনোভাবেই জড়িত নয় বলে দাবি করেন তিনি।

এই বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় দেড় দশক আগে সরকারের সঙ্গে জনসংহতি সমিতি চুক্তি করলে তার বিরোধিতা করে গড়ে ওঠে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। তারপর থেকে দুই দলের মধ্যে বিরোধে পাহাড়ে রক্তক্ষয়ও হচ্ছে।

কয়েক বছর আগে জনসংহতি সমিতির একটি অংশ দলে সন্তু লারমার ‘একক কর্তৃত্বের’র বিরোধিতা করে আলাদা দল জনসংহতি সমিতি (এমএন লারমা) গঠন করে। এই দলটির সঙ্গেও সন্তু লারমার দলের বিরোধ চলছে।