২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ব জাকের মঞ্জিলে পিটিয়ে যুবক হত্যা

ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশির বিশ্বজাকের মঞ্জিলে চোর সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2013, 05:47 PM

Updated : 23 Aug 2022, 07:02 PM

শুক্রবার ভোরে এ ঘটনায় নিহত সুমন শেখ (১৯) ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের আঁকনবাড়িয়া গ্রামের শেখ ইব্রাহীমের ছেলে। সুমন বিশ্বজাকের মঞ্জিলের পাশের ডাক্তার বাজারে একটি মাইকের দোকানে কাজ করতেন।

আহত দুই যুবক সোহাগ (১৮) ও রাজুকে বিশ্বজাকের মঞ্জিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোহাগের বাড়ি ভাঙ্গার মাজাইল এবং রাজুর বাড়ি ভাঙ্গার কাউলিবেড়া গ্রামে।

এ ঘটনায় ইব্রাহীমের বাবা একটি হত্যা মামলা এবং বিশ্ব জাকের মঞ্জিল চুরির মামলা করেছে। পুলিশ বিশ্বজাকের মঞ্জিলের ছয় কর্মীকে গ্রেপ্তার করেছে।

সদরপুর থানার ওসি মোহাম্মদ আলী বিশ্বাস জানান, শুক্রবার ফজরের নামাজের পরপরই বিশ্বজাকের মঞ্জিলের খড়িখানার কর্মীরা ওই তিন যুবককে মোবাইল ফোন চুরির অভিযোগে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই সুমন শেখের মৃত্যু হয়।

নিহত সুমনের বাবা শেখ ইব্রাহীম বাদী হয়ে দুপুরে সদরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ মামলায় গ্রেপ্তাররা হলেন বিশ্বজাকের মঞ্জিলের খড়িখানার কর্মী চুয়াডাঙ্গার কুতুবপুরের ওবায়দুল ইসলাম (৩২), কর্মপাড়ার শেক টিটো (৩৮), নাগদার শফিজুর রহমান (২১), টিটোদাহ গ্রামের হাবিবুর রহমান (১৮), মুন্সীগঞ্জ জেলার উত্তর মহাখালীর সাগর শেখ (২৩) এবং ফরিদপুরের চরভদ্রাসনের হাজীগঞ্জের আব্দুল কাদের (২০)।

ওসি আরো বলেন, বিশ্বজাকের মঞ্জিলের নিরাপত্তা কর্মকর্তা ইমতাজ বাদী হয়ে মোবাইল ফোন চুরির অভিযোগে নিহত সুমনসহ তিন যুবকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।