প্রতিবন্ধীদের ‘সুরক্ষায়’ সংসদে বিল পাস
প্রতিবন্ধী ব্যক্তিকে সম্পত্তি থেকে বঞ্চিত করলে জেল-জরিমানার বিধান রেখে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা বিল-২০১৩’ সংসদে পাস হয়েছে।
বৃহস্পতিবার সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের পক্ষে বিলটি পাসের প্রস্তাব করেন প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন। পরে তা কণ্ঠভোটে পাস হয়।
গত ১৬ জুলাই বিলটি সংসদে উত্থাপন করেন সমাজকল্যাণ মন্ত্রী।
বিলে অটিজম, মানসিক অসুস্থাতজনিত প্রতিবন্ধিতা, শারীরিক প্রতবন্ধিতা, দৃষ্টি প্রতিবন্ধিতা, বাকপ্রতিবন্ধিতা, বুদ্ধিপ্রতিবন্ধিতা, শ্রবণপ্রতিবন্ধিতা, শ্রবণ-দৃষ্টিপ্রতিবন্ধিতা, সেরিব্রাল পালস, বহুমাত্রিক প্রতিবন্ধিতাসহ অন্যান্য প্রতিবন্ধিতাকে প্রতিবন্ধিতার ধরন হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রতিবন্ধী ব্যক্তির অধিকার হিসেবে সবক্ষেত্রে সমান আইনি স্বীকৃতি, স্বাধীন মত প্রকাশ, প্রবেশগম্যতা, সমন্বিত শিক্ষায় অংশগ্রহণ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মে নিযুক্তি, সংস্কৃতি ও ক্রীড়া কর্মকাণ্ডে অংশগ্রহণ ইত্যাদি বিষয়কে উল্লেখ করা হয়েছে।
পাস হওয়া বিলে বলা হয়েছে, আইনের উদ্দেশ্য পূরণের জন্য ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটি’ নামে একটি কমিটি থাকবে। সমাজকল্যাণমন্ত্রী এই কমিটির সভাপতি হবেন। একই সঙ্গে থাকবে সমাজকল্যাণ সচিবের সভাপতিত্বে থাকবে নির্বাহী কমিটি।
সমন্বয় কমিটির কাজ হবে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা নিম্চিত করতে মন্ত্রণালয় ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাজে সমন্বয় সাধন করা। নির্বাহী কমিটি কাজ হবে সমন্বয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন করা। প্রতিবন্ধীদের অধিকার বাস্তবায়নে জেলা, উপজেলা ও শহর এলাকাতে কমিটি থাকবে। প্রতিবন্ধী ব্যক্তিরা নিবন্ধন ও পরিচয়পত্রের জন্য সংশ্লিষ্ট এলাকার কমিটির কাছে আবেদন করতে হবে।
বিলে আরও বলা হয়েছে, গণপরিবহণে মোট আসনের পাঁচ ভাগ আসন প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত থাকবে। প্রয়োজনীয় যোগ্যতা থাকলে প্রতিবন্ধিতার কারণে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবন্ধীর ভর্তির আবেদন প্রত্যাখ্যান করতে পারবে না। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার সংরক্ষণে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈষম্যমূলক আচরণ করতে পারবে না।
বিলের অপরাধ ও দণ্ড সম্পর্কে বলা হয়েছে, কোনো ব্যক্তি প্রতিবন্ধিতার কারণে কোনো প্রতিবন্ধী ব্যক্তির আইনের আশ্রয় লাখে বাধা দিলে, প্রতিবন্ধী ব্যক্তিকে উত্তরাধিকার সূত্রে পাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করলে, কোনো প্রতিবন্ধী ব্যক্তির সম্পদ আত্মসাৎ করলে এবং প্রকাশনা ও গণমাধ্যমে প্রতিবন্ধী সম্পর্কে নেতিবাচক শব্দ ব্যবহার করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এ ধরনের অপরাধের জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানার বিধান আছে।
আরো বলা হয়েছে, কোনো ব্যক্তি অসত্য ও ভিত্তিহীন তথ্য দিয়ে প্রতিবন্ধী ব্যক্তি হিসেবে নিবন্ধিত হলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানাযোগ্য অপরাধে দণ্ডিত হবেন। কোনো ব্যক্তি জালিয়াতির মাধ্যমে পরিচয়পত্র তৈরি করলে তা সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানাযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
কোনো ব্যক্তি প্রতিবন্ধী ব্যক্তিকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করলে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, জাতিসংঘ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সনদ গ্রহণ করার পর এর বিধি-বিধান স্বাক্ষরের মাধ্যমে প্রতিবন্ধী কল্যাণ আইন-২০০১ রহিত করার প্রস্তাব করে বিলটি আনা হয়েছে।
