২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব নকশা অনুমোদনের ক্ষমতা পাচ্ছে না স্থানীয় প্রতিষ্ঠান

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে নিজেদের আওতাধীন এলাকায় সব ভবনের নকশা অনুমোদনের ক্ষমতা দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রস্তাবে সায় দেয়নি মন্ত্রিসভা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 09:46 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

এসংক্রান্ত অন্তবর্তীকালীন ইমরাত নির্মাণ কমিটি গঠনের প্রস্তাব ফিরিয়ে দিয়ে নকশা অনুমোদনে প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা সুনির্দিষ্ট করে মন্ত্রণালয়কে প্রস্তাব দিতে বলেছে মন্ত্রিসভা।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।

বৈঠকে ‘ইমারত নির্মাণের নকশা অনুমোদনের ক্ষমতা সংক্রান্ত দ্বৈততা ও ক্ষেত্রবিশেষ কর্তৃপক্ষ নির্ধারণজনিত সমস্যা নিরসনের লক্ষ্যে বিদ্যমান আইনের সংশোধন এবং অন্তবর্তীকালীন ইমারত নির্মাণ কমিটি অনুমোদন’ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করা হয়।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আইডিয়া গ্রহণ করলেও কিছু অনুশাসন দিয়েছে। কারণ সমস্ত দায়িত্ব-ক্ষমতা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কাছে রাখা ঠিক হবে না।

“তাদের দিয়ে যেটুকু সম্ভব সেটুকু দায়িত্বই তাদের কাছে রেখে আরেকটি ম্যাকানিজম ডেভেলপ করতে হবে। হাইরাইজ বিল্ডিংয়ের নকশা স্থানীয় সরকার প্রতিষ্ঠান করবে না বলে মন্ত্রিসভা অনুশাসন দিয়েছে।”

ভবন ধসে সাভারের রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষের প্রাণহানির পর ইমারত বিধিমালা ও এর বাস্তবায়ন পর্যালোচনা করতে সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, রাজউক, সিডিএ, আরডিএ, কেডিএ বা এসমস্ত প্রতিষ্ঠান যেখানে আছে সেখানে তাদের আওতাভুক্ত এলাকায় বিল্ডিংয়ের নকশা তারাই অনুমোদন করে।

“এর বাইরের এলাকাগুলোতে ইমারতের নকশা স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়দ পরিষদ অনুমোদন দেয়।”

তবে বাস্তবে দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সব ধরনের নকশা অনুমোদনের ‘ক্যাপাসিটি’ নেই উল্লেখ করে মোশাররাফ বলেন, তাদের কারিগরি দক্ষতা-অভিজ্ঞতারও অভাব আছে। তাই স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তাদের ক্ষমতা অনুযায়ী সীমা নির্ধারণ করে দেয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, গ্রামে একটা একতলা বিল্ডিং হলে ইউনিয়ন পরিষদ তার অনুমোদন দেবে। তবে ইউনিয়ন পরিষদ কোন পর্যায় পর্যন্ত নকশা অনুমোদন দিতে পারবে এবং উপজেলা পরিষদ, পৌরসভা ও জেলা পরিষদ কতটুকু পারবে অর্থাৎ তাদেরকে কতটুকু ক্ষমতা দেয়া সমীচিন হবে- এ ধরনের প্রস্তাব মন্ত্রিসভায় দিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে বলা হয়েছে। তারা প্রস্তাব দিলে মন্ত্রিসভা তা বিবেচনা করবে।

মন্ত্রিসভার বৈঠকে ‘বাংলাদেশ উচ্চ শিক্ষা কমিশন আইন-২০১৩’ আরো পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি ।

তিনি বলেন, পাশ্ববর্তী দেশের এ সংক্রান্ত যেসব কমিশন আছে সেগুলো গভীরভাবে পর্যালোচনা ও বাংলাদেশে এ ধরনের প্রতিষ্ঠানের আইনের ধারাগুলো মিলিয়ে দেখার জন্য মন্ত্রণালয়কে অনুশাসন দিয়েছে মন্ত্রিসভা।

মোশাররাফ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সংশোধন) আইন-২০১৩ খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আগের আইনে এই বিশ্ববিদ্যালয় স্থাপনের স্থান হিসাবে ‘রামনগর’-এর কথা বলা হলেও বিশ্ববিদ্যালয়টি ‘আম্বরতলায়’ প্রতিষ্ঠিত হয়েছে।

সংশোধিত আইনে সুনির্দিষ্ট কোনো স্থানের উল্লেখ না করে শুধু ‘যশোর’ শব্দটি যোগ করা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

পিছিয়ে পড়াদের আইনগত সহায়তা

পিছিয়ে পড়া মানুষদের আইনগত সহায়তা দিতে ‘আইনগত সহায়ত প্রদান (সংশোধন) আইন-২০১৩’ খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, পশ্চাৎপদদের আইনগত সহায়তা দেয়ার জন্য পরিসীমা বাড়ানো হচ্ছে।

“বিকল্পবিরোধ নিষ্পত্তিতে যেন আইনগত সহায়তা দেয়া যায় সে বিষয়টিও এই আইনে যুক্ত করা হয়েছে। এছাড়া আইন কর্মকর্তার পদ স্থায়ীভাবে সৃষ্টি করা হবে। এর ফলে কল্যাণমূখী কার্যক্রম সম্প্রসারিত হবে।”