২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-পূজায় ঢাকায় ‘বিশেষ’ নিরাপত্তা

আসন্ন ঈদুল আজহা এবং দুর্গাপূজা উদযাপনে যেন জনসাধারণের কোনো সমস্যা না হয়, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2013, 12:32 AM

Updated : 23 Aug 2022, 07:01 PM

পাশাপাশি কোরবানির চামড়া পাচার রোধে ঈদের দিন থেকে পরবর্তী সাতদিন চামড়াবাহী ট্রাক ঢাকার বাইরে যেতে দেয়া হবে না বলেও জানানো হয়েছে।

বুধবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন, “ঈদ এবং পূজা সবাই যেন শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারে, সে ব্যাপারে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।”

রাজধানীতে ২০৬টি মণ্ডপে পূজা হবে জানিয়ে তিনি বলেন, এগুলোর নিরাপত্তা নিয়ে আয়োজকদের সঙ্গে কথা হয়েছে, সভা হয়েছে।

“পূজা আয়োজকদের নারী-পুরুষের পৃথক পৃথকভাবে প্রবেশ ও বের হওয়ার, পর্যাপ্ত বাতি স্থাপন, নিজস্ব জেনারেটর, সিসিটিভি ক্যামেরা স্থাপন বা ভিডিও ক্যামেরা রাখার অনুরোধ করা হয়েছে।”

এছাড়া প্রতিমা বিসর্জন সূর্যাস্তের আগেই সম্পন্ন করার অনুরোধ জানিয়েছেন পুলিশ কমিশনার।

এবার প্রায় ২৫টি কোরবানির পশুর হাট বসবে রাজধানীতে। এসবের মধ্যে বেশ কিছু হাট রাস্তা দখল করতে পারে এমন আশঙ্কা করে পুলিশ কমিশনার জানান, এক্ষেত্রে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ তার সর্বোচ্চ পেশাদারিত্ব দেখাবে।

তিনি জানান, পূজামণ্ডপ, গরুর হাট, শপিংমল, চামড়ার বাজারসহ ঈদ- পুজার ছুটিতে বাড়িতে যাওয়ার পর বাসাবাড়ি খালি থাকার ব্যাপারে পুলিশ নিরাপত্তার বিষয়টি নজরদারি করবে।