২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে দূষণের দায়ে কারখানা বন্ধ

শীতলক্ষ্যা নদী দূষণের অভিযোগে নারায়ণগঞ্জে একটি ডাইং কারখানা বন্ধ করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 10:17 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

বুধবার রূপগঞ্জ উপজেলার তারাবোতে অবস্থিত মের্সাস অপূর্ব ডাইং অ্যান্ড ফিনিসিং মিলস লিমিটেডের বিরুদ্ধে এ আদেশ দেন অধিদপ্তরের পরিচালক (মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট) মো.  আলমগীর।

অপরিশোধিত তরল বর্জ্য নদীতে ফেলা ও ইটিপিবিহীন (বর্জ্য পরিশোধনাগার) কারখানা চালানোর অভিযোগে এর আগে গত ১৮ সেপ্টেম্বর ওই কারখানাকে ১২ লাখ ৯৭ হাজার ৮২০ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটির রংয়ের অপরিশোধিত তরল বর্জ্য শীতলক্ষ্যা নদীর পানি মারাত্মকভাবে দূষিত করছিল। সেপ্টেম্বর মাসে কর্তৃপক্ষকে জরিমানা ও সতর্ক করা হলেও তারা দূষণ রোধে ব্যবস্থা নেয়নি।

এ কারণে কারখানার গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে বলে জানান গোলাম মোহাম্মদ।

নিষিদ্ধ পলিথিন আটক

এদিকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামসুল আলম সকালে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় বাবুল পলি প্যাজেজিং স্টোর এবং এফ হক প্যাকেজিং স্টোরে অভিযান চালিয়ে ৫শ’ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে।

এ সময় প্রতিষ্ঠান দুটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।