শিক্ষকদের মাইক্রোসফটের প্রশিক্ষণ মেয়াদ বাড়ল
শিক্ষকদের কম্পিউটার প্রশিক্ষণে মাইক্রোসফট ও শিক্ষা মন্ত্রণালয়ের চুক্তির মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানো হয়েছে।
বুধবার বিকালে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) এসএম গোলাম ফারুক এবং মাইক্রোসফটের কান্ট্রি ম্যানেজার পুবুরু বাসনায়েক তৃতীয় পর্যায়ের সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এই চুক্তির ফলে মাইক্রোসফটের পার্টনারস ইন লার্নিং (পিআইএল) প্রোগ্রামের আওতায় শিক্ষায় ডিজিটাল অ্যাক্সেস, বিদ্যালয় ডিজিটালকরণ, শিক্ষকদের সক্ষমতা তৈরির ফলে দেশের শিক্ষা ব্যবস্থা আরো উন্নত হবে বলে মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রথম পর্যায়ে ২০০৫ সালের ডিসেম্বর ও দ্বিতীয় পর্যায়ে ২০০৯ সালের অগাস্টে চুক্তি হয়। এর আওতায় সরকারি-বেসরকারি বিদ্যালয়ের ১৩ হাজার শিক্ষককে দেশে-বিদেশে প্রশিক্ষণ দেয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ের মেয়াদ শেষ হয় ২০১৩ সালের ৩০ জুন।
এবং সর্বশেষ চুক্তি নবায়নের ফলে তৃতীয় পর্যায়ের মেয়াদ শেষ হবে ২০১৮ সালের জুন মাসে।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, মাইক্রোসফটের এশিয়া প্যাসিফিকের জেনারেল ম্যানেজার জ্যামি হারপার, মাইক্রোসফটের কর্মকর্তা আহসান শরীফ, মাইক্রোসফট বাংলাদেশের এডুকেশন প্রোগ্রাম ম্যানেজার সারানা ইসলাম উপস্থিত ছিলেন।
