জালিয়াতি মামলায় শিক্ষক কারাগারে
শিক্ষক নিয়োগে জালিয়াতি করার অভিযোগে নাটোরে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদ সভাপতিকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এরা হলেন সিংড়া উপজেলার ভাগনাগরকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ ও পরিচালনা পর্ষদ সভাপতি জাফর ইকবাল।
বুধবার দুপুরে জামিন নিয়ে আদালতে এলে তাদের কারাগারে পাঠান অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম।
বিদ্যালয়ের সহকারী গ্রন্থাগারিক পদে নিয়োগবঞ্চিত প্রার্থী আব্দুল লতিফ বাদী হয়ে আদালতে মামলাটি দায়ের করেছিলেন।
মামলায় অভিযোগ করা হয়, আসামিরা বিদ্যালয়ের নিয়োগ কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও জনৈক দুলাল মোল্লার স্বাক্ষর জাল করে সহকারী শিক্ষক (কৃষি) ও সহকারী গ্রন্থাগারিক নিয়োগ দিয়েছেন।
