২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে মহাসড়কে ডাকাতি, আহত ১

ফেনী-নোয়াখালী সড়কে এক ব্যবসায়ীকে কুপিয়ে আগ্নেয়াস্ত্র ও টাকাসহ তাকে বহনকারী জিপ ছিনতাইয়ের কয়েকঘণ্টা পর গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2013, 07:31 PM

Updated : 23 Aug 2022, 07:01 PM

মঙ্গলবার মধ্যরাতে ফেনী সদরের পাঁচগাছিয়ায় এ ঘটনার সময় আহত গোলম আজমকে ফেনীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার ভোরে ও দুপুরে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তবে অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।

ফেনীর সহকারী পুলিশ সুপার মো. সামছুল আলম সরকার জানান, নিজের গাড়ি নিয়ে চট্টগ্রাম থেকে নোয়াখালী যাচ্ছিলেন ব্যবসায়ী গোলম আজম। গাড়িটি ফেনী-নোয়াখালী সড়কে ফেনীর পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুর পৌঁছলে একদল সশস্ত্র ডাকাত বিদ্যুতের খুঁটি ফেলে গতিরোধ করে।

এরপর তারা গোলম আজমকে গাড়ি থেকে নামিয়ে কুপিয়ে তার বৈধ একটি পিস্তল, একটি শটগান, নগদ টাকা ও জিপ গাড়িটি নিয়ে পালিয়ে যায়।

পরে টহল পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিম কর্মকর্তা আরো বলেন, পরে ডাকাতরা ফেনী-সোনাগাজী সড়কের বালুয়া চৌমুহনী এলাকায় জিপটি নিয়ে ডাকাতির সময় টহল পুলিশের সামনে পড়ে। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে এবং কয়েকটি হাতবোমা ফাটিয়ে পালিয়ে যায়।

এরপর ভোরে পুলিশ এক ডাকাতকে গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া জিপ গাড়িটি উদ্ধার করে।

গ্রেপ্তার ওই ডাকাতের স্বীকারোক্তি অনুযায়ী দুপুরে ফেনী শহরের বিভিন্ন এলাকা থেকে অপর তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় ফেনী মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।