পাসপোর্ট দালালকে ছিনিয়ে নিল ‘যুবদলকর্মীরা’
রাজশাহী বিভাগীয় পাসপোর্ট অফিসে পুলিশ থেকে যুবদলকর্মীরা এক দালালকে ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর শালবাগান এলাকায় পাসপোর্ট অফিসে এ ঘটনার সময় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।
পুলিশ স্থানীয় সুমন, রায়হানুল ইসলাম ও রহিদুল ইসলাম নামের তিন যুবককে আটক করেছে।
তবে, যুবদল এ ধরনের কোনো কাজে তাদের নেতাকর্মীদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে।
বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, এক সপ্তাহ আগে বিভাগীয় পাসপোর্ট অফিসের দালালির নিয়ন্ত্রণ নেয় স্থানীয় যুবদল নেতাকর্মীরা। এরপর থেকে তারা পাসপোর্ট করতে আসা লোকজনকে হায়রানি করে আসছে।
ওসি বলেন, গ্রাহকদের অভিযোগে দুপুরে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে হাতেনাতে চার দালালকে আটক করে গাড়িতে তোলা হয়। এ সময় স্থানীয় যুবদলকর্মীরা হামলা চালিয়ে আটক দালালদের ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
এ সময় যুবদলকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ পাল্টা রবার বুলেট ও টিয়ারসেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় যুবদলকর্মীরা এক দালালকে ছিনিয়ে নিয়ে যায়।
নগরীর ২০ নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি নুরুল হক বলেন, গ্রেপ্তারদের সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই। পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে এলাকাবাসী এবং তারাই একজনকে ছাড়িয়ে নেয়, যুবদল নয়।
