চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল, আটক ৯
যুদ্ধাপরাধে সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয়ার প্রতিবাদে ডাকা হরতালে চট্টগ্রাম নগরীতে হরতালকারীদের তেমন কোনো তৎপরতা দেখা না গেলেও বান্দরবান ও রাঙামাটিতে পিকেটিং ও মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
পুলিশি তৎপরতায় বন্দরনগরীতে তেমন কোনো তৎপরতা দেখাতে পারেনি দলটির নেতাকর্মীরা।
হরতালে নগরীর দুটি এলাকা থেকে নয় জনকে আটক করেছে পুলিশ।
এদিকে হরতালের সমর্থনে বান্দরবানে পিকেটিং ও মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা। রাঙামাটিতেও বিএনপি সমর্থকদের খণ্ড খন্ড মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া গেছে।
চট্টগ্রামের কোতোয়ালি থানার এসআই মো. ইলিয়াস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে চার জন এবং কাজীর দেউড়ি এলাকা থেকে পাঁচজনকে আটক করা হয়।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের নয়টি ঘটনায় বিএনপির সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয় ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে রায় ঘোষণার পরপরই চট্টগ্রাম মহানগর (উত্তর-দক্ষিণ), বান্দরবান ও রাঙ্গামাটি জেলা বিএনপি বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে নগর বিএনপির কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলতে দেখা গেছে। কার্যালয়ের আশপাশেও কোনো নেতাকে দেখা যায়নি।
বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি রয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে মহিলা দলের কয়েকজন কর্মী দলীয় কার্যালয়ে ঢুকতে চাইলে পুলিশ তাদের সরিয়ে দেয়।
নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকে নগরীতে কোনো ধরনের পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। যান চলাচলও অনেকটা স্বাভাবিক।”
চট্টগ্রাম নগর পুলিশের (দক্ষিণ) অতিরিক্ত উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, নগরীর কোথাও পিকেটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি।
হরতালে চট্টগ্রাম থেকে দূরপাল্লার বাস বন্ধ থাকলেও শহরের ভিতরে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহনের সংখ্যা বেড়েছে। রেল চলাচলও স্বাভাবিক রয়েছে।
নগরীর ব্যাংক, বীমা, সরকারি অফিস ও পোশাক কারখানায়ও স্বাভাবিক কার্যক্রম চলছে।
সালাউদ্দিন কাদেরের গ্রামের বাড়ি রাউজানের পরিস্থিতিও স্বাভাবিক বলে জানিয়েছেন রাউজান থানার ওসি এনামুল হক।
“এখানে সব শান্তিপূর্ণ, গাড়ি চলাচল স্বাভাবিক,” বলেন তিনি।
বান্দরবান
হরতালের সমর্থনে বান্দরবানে পিকেটিং ও মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
সকাল ৬টার দিকে বিএনপির জেলা কমিটির সহ-সভাপতি ওসমান গনির নেতৃত্বে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে মিছিল করে। আশপাশের সড়কে যান চলাচলেও বাধা দেয় তারা।
বান্দরবান জেলা বিএনপির নেতা মাহতুল হোসেন যত্ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায়ের প্রতিবাদে বিএনপির চট্টগ্রাম অঞ্চলের কর্মসূচির অংশ হিসাবে বান্দরবানেও সর্বাত্মক হরতাল পালিত হচ্ছে।”
জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় এবং বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে।
রাঙামাটি
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের রাঙামাটি প্রতিনিধি জানিয়েছেন, সকাল থেকে জেলার কয়েকটি স্থানে হরতালের সমর্থনে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
সকাল থেকে শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহ ছাড়েনি। নৌপথে জেলা সদর থেকে উপজেলাগুলোতে কোন যাত্রীবাহী লঞ্চ ছেড়ে যায়নি। শহরের অধিকাংশ দোনাপাট বন্ধ রয়েছে।
হরতাল সমর্থকরা শহরে রিজার্ভ বাজার, তবরছড়ি, বনরূপাসহ বিভিন্ন স্থানে যান চলাচলে বাধা দেয়।
শহরের গুরুত্বপূর্ন স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে।
