২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায় ‘ফাঁসের’ খবর খতিয়ে দেখছে ট্রাইবুনাল

যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর মামলার রায় ঘোষণার আগেই ‘ফাঁস’ হওয়ার খবর খতিয়ে দেখছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 09:51 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

মঙ্গলবার সাকা চৌধুরীর মামলার রায় ঘোষণার আগে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ব্যক্তি দাবি করতে থাকে আইন মন্ত্রণালয়ের একটি কম্পিউটারের (আইন সচিবের কম্পিউটারের) হার্ড ড্রাইভ থেকে রায়টি প্রকাশ হয়েছে।

সোসাল মিডিয়ায় দাবি ওঠে, ফাঁস হওয়া রায়ের কপির সঙ্গে বিচারকদের ঘোষণা করা রায়ের হুবহু মিল রয়েছে। সালাউদ্দিন কাদেরের পরিবার ও আইনজীবীদের পক্ষ থেকেও একই দাবি করা হয়।

এ বিষয়ে ট্রাইবুনালের রেজিস্ট্রার একেএম নাসিরুদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘোষণা করা রায় ইন্টারনেটে পাওয়া গেছে এমন কথা আমাদের কানে আসার পরেই এ ব্যাপারে ব্যবস্থা নেয়া হয়েছে। এ ঘটনায় আমাদের কোনো ভুল আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। খুব শিগগিরই এ ব্যাপারে জানানো হবে।”

ট্রাইব্যুনালের বিচারকদের যে রায় লেখার কথা, তা আইন মন্ত্রণালয়ের কম্পিউটারে কীভাবে পাওয়া সম্ভব জানতে চাইলে তিনি বলেন, “ইতোমধ্যে আইন প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বলেছেন। তিনি বলেছেন যার কম্পিউটার থেকে কপি পাওয়া গেছে বলা হচ্ছে আইন মন্ত্রণালয়ে সেই নামে কোনো কর্মী নেই।”

রায় ফাঁসের অভিযোগের প্রতিক্রিয়ায় দুপুরে সচিবালয়ে কামরুল ইসলাম বলেন, বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে।

“রায় ইন্টারনেটে আগে পাওয়ার যে দাবি করা হয়েছে সে বিষয়ে তদন্ত করছি। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা-বিটিআরসিকে বিষয়টি জানানো হয়েছে। আগামী দু’ একদিনের মধ্যেই তদন্তের বিষয়ে সাংবাদিকদের জানানো যাবে।”

বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে যারা জড়িত তাদেরও বিচার করা হবে বলে জানান তিনি।

এই বিষয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও সাংবাদিকদের বলেন, “ওই ব্লগে তথ্যসচিব আট তলায় বসেন এবং আলম নামের একজন কম্পিউটার অপারেটরের কথা বলা হয়েছে। অথচ তথ্যসচিব ষষ্ঠ তলায় বসেন এবং আলম নামে আইন মন্ত্রণালয়ে কেউ নেই।”

আইন প্রতিমন্ত্রীও বলেন, “আমি স্পষ্ট করতে চাই, আমাদের মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের আলম নামে কোনো কম্পিউটার অপারেটর নেই, মন্ত্রণালয়ের ষষ্ঠ তলায় কোনো ডিস্কও নেই।”

তথ্যমন্ত্রী বলেন, “এটা সম্পূর্ণ মিথ্যাচার ও উদ্দেশ্যমূলকভাবে প্রচার করা হয়েছে। এটা রায় নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করার অপপ্রয়াস মাত্র।”

রায়ের পর প্রতিক্রিয়া জানতে চাওয়া সালাউদ্দিন কাদেরের স্ত্রী ফারহাত কাদের চৌধুরী বলেন, “আমরা আদালতের রায়ের কপি একদিন আগেই কয়েকটি ওয়েব সাইটে পেয়েছি। আমরা জানতে পেরেছি এই কপি আইন মন্ত্রণালয় তৈরি করেছে। আমরা হতবাক হয়েছি আইন মন্ত্রণালয়ের রায়ের কপি কীভাবে বিচারকরা পড়তে পারেন।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি এতক্ষণ ধরে রায়টি মেলাচ্ছিলাম। পুরোটাই এক এবং অভিন্ন।”

তিনি হাতে থাকা বাইন্ডিং করা পেপারের একটি বই দেখিয়ে বলেন, এটাই রায়। আমরা কাল অনলাইনে পেয়েছিলাম।

এমনকি আদালতের ভেতরে রায় ঘোষণা শেষ হলে এক পর্যায়ে পরিবার ও তার আইনজীবীদের অনুরোধে সালাউদ্দিন কাদের নিজেও বলে ওঠেন, “এই রায় মিনিস্ট্রি থেকে বের হয়েছে। আইন মন্ত্রণালয়কে ধন্যবাদ দিলাম।”

এর আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম রায় ফাঁসের অভিযোগ নাকচ করে বলেন, “রায় আগে প্রকাশের প্রশ্নই আসে না। এটা অনুমান নির্ভর। এটা ঠিক নয়।”

রায় আগে প্রকাশের অভিযোগ নতুন ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করে প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “এটি একটি নতুন নাটক।”