২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মোটরসাইকেল ধাক্কায় স্কুলছাত্রীর মৃত্যু

চাঁদপুর সদরে ‘বখাটের’ মোটরসাইকেলের ধাক্কায় এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 09:27 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

সোমবার দুপুরে সাথী আক্তার (১৩) আহত হয়। মঙ্গলবার ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

সাথী আক্তার স্থানীয় ইয়াকুব আলী স্মারক উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিল। সে চান্দ্রা এলাকার লক্ষ্মীপুর গ্রামের ডা. বাচ্চু মজুমদারের মেয়ে।

ঘটনার পর থেকে ‘বখাটে’ জহির (১৬) পলাতক রয়েছে। সে মদনা গ্রামের নাসির খানের ছেলে।

চান্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান জাহান আলী কালু পাটওয়ারী জানান, বখাটে যুবক জহির প্রায়ই স্কুলে আসা-যাওয়ার পথে মেয়েদের উত্ত্যক্ত করত।

প্রতিদিনের মতো সোমবার দুপুরেও ইয়াকুব আলী স্কুলের সামনে দাঁড়িয়ে মেয়েদের উত্ত্যক্ত করে। এরপর সেখান থেকে দ্রুত মোটরসাইকেল চালিয়ে চলে যাওয়ার সময় সাথীকে ধাক্কা দেয়।

তাকে প্রথমে সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে মঙ্গলবার বিকালে তার মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, “আমরা বিষয়টি শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।”