২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের নির্বাচন ব্যবস্থা ধোঁকাবাজি: বিচারপতি সিনহা

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে এক ধরণের ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন আপিল বিভাগের একজন বিচারক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 08:56 PM

Updated : 25 Apr 2022, 07:19 PM

নির্বাচনী আইন বিষয়ক একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে মঙ্গলবার আপিল বিভাগের বিচারপতি এসকে সিনহা এ কথা বলেন।

এসকে সিনহা বলেন, “নির্বাচন বিধি নিয়ে এই বই প্রকাশ করা হয়েছে। উন্নয়নশীল দেশ বা লিস্ট ডেভেলপড দেশগুলোতে এটা একটা ইস্যু হয়ে যায়। এটা বুঝতে হলে আমাদেরকে নির্বাচন কাকে বলে বুঝতে হবে।

“এখানে দুই ধরণের নির্বাচন রয়েছে। একটা প্রত্যক্ষ নির্বাচন, লোকাল বডি থেকে সংসদ পর্যন্ত। রাষ্ট্রপতি নির্বাচন পরোক্ষভাবে হয়। এখন দেখতে হবে আমাদের নির্বাচনে জনগণের (পছন্দের)প্রতিফলন হয় কি-না? সম্ভবত হয় না।

“যাকে আমরা ভোটবাক্সে ভোট দেই। তাকে ভোট দেই বললে ভুল হবে। আমরা রাজনৈতিক দলের প্রতিনিধিকে ভোট দেই। যাকে আমরা ভোট দেই তাকে তার এলাকার মানুষ (তৃণমূলের রাজনৈতিক প্রতিনিধিরা) আগে ঠিক করে না। এটা ঠিক করতে হলে তাকে আগে তার এলাকার মানুষ নমিনেশন দিবে।

“ব্রিটেনে বাংলাদেশি অধ্যুষিত এলাকা ব্রুকলিনে আগামী বছর কে প্রার্থী হবে সেটা ঠিক হয়ে গেছে। এরপর মানুষ জাতীয় নির্বাচনে ভোট দিবেন কি-না, সেটা সে সময় ঠিক হবে। সে দিক থেকে আমাদের এখানে দলীয় প্রধানরা ঠিক করেন এখানে কে নির্বাচিত হবে। আমেরিকাতেও লোকাল বডিতে আগে জনগণ নমিনেশন দেয়, এরপর ভোট।”

উন্নত দেশের সঙ্গে বাংলাদেশের অবস্থান তুলনা করে তিনি বলেন, “এটা এক ধরণের ধোঁকাবাজি। সময় এসেছে এসব নিয়ে চিন্তা করে দেখার।”

এসকে সিনহা বলেন, “রাষ্ট্রপতি নির্বাচনে দেখা যায়, সংসদ সদস্যদের উপর দলের আস্থা নেই। নিজেদের প্রতিনিধিদের উপর রাজনৈতিক দলের আস্থা নেই। তারা হাত তুলে ভোট দেয়। ব্যালট বাক্সে দিতে পারে না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ থাকলে এটা হবে।

“এটা রিকাস্ট করা উচিত। আমি এটাকে অ্যাবোলিস করতে বলছি না। সেক্ষেত্রে আরেকটা সমস্যা আছে। সেখানে প্রকাশ্যে ভোট কেনা বেচা হয়। এটা ঠেকাতে গোয়াতে একবার একটি পাঁচতলা হোটেলে এমপিদেরকে আটকে রাখার ঘটনা ঘটেছিলো।

“একজন নির্বাচন কমিশনার এখানে আছেন। আপনারা এটাকে ইনস্টিটিউশনালাইজ করেন। না করলে সুষ্ঠু নির্বাচন হবে না। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ হয়। তাদের যখন সময় শেষ হয়ে যায়, তখন গুঞ্জন উঠে কে প্রধান নির্বাচন কমিশনার হবে, কে নির্বাচন কমিশনার হবে।

“কার পর কে প্রধান নির্বাচন কমিশনার হবেন, কে নির্বাচন কমিশনার হবেন, ভারতে এটা নির্দিষ্ট করা আছে। আমাদের নির্বাচন কমিশনে এটা হয় নাই। এখানে নির্বাচন কমিশনের সচিব সরকার থেকে ডেপুটেশনে আসে, আবার চলে যায়। এটা হবে না।”

তিনি বলেন, “নির্বাচন কমিশনের আলাদা ক্যাডার সার্ভিস থাকবে। সেটা থেকে সেক্রেটারি হবে, নির্বাচন কমিশনার হবে।”

অ্যাডভোকেট রিয়াজুল কবীর কাওছারের লেখা ‘আইন, বিধিমালা, তথ্য ও ফলাফল, বাংলাদেশ নির্বাচন ১৯৪৭-২০১২’ নামে ওই বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক।