২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন হয়নি ঐশীর

বাবা-মা হত্যাকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার পুলিশ পরিদর্শকের মেয়ে ঐশী রহমানের জামিন আবেদন নাকচ করে দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 04:35 PM

Updated : 23 Aug 2022, 07:00 PM

ফলে সদ্য কৈশোর উত্তীর্ণ ‘ও’ লেভেলের এই ছাত্রীকে কারাগারে থাকতে হচ্ছে। সে এখন রয়েছে গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগারে।

মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. জহুরুল হক ঐশীর জামিনের আবেদনের শুনানি করে তা নাকচ করে দেন।

ঐশীর জামিনের পক্ষে শুনানি করেন তিন আইনজীবী মাহবুব হাসান রানা, মোশারফ হোসেন ও আসাদুজ্জামান। তবে রাষ্ট্রপক্ষ এই জামিনের আবেদনের বিরোধিতা করে।

গত ১৬ আগস্ট রাজধানীর চামেলীবাগের ভাড়া বাসা থেকে পুলিশের বিশেষ শাখার পরির্দশক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। 

পরদিন পল্টন থানায় আত্মসমর্পণ করে তাদের মেয়ে ঐশী। ঐশী নিজেই বাবা-মাকে হত্যা করেছে বলে পুলিশের দাবি।

আদালতে দেয়া জবানবন্দিতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করলেও পরে তা প্রত্যাহারের আবেদন করে ঐশী। সে বলে, চাপে ফেলে তাকে ওই স্বীকারোক্তি দিতে বাধ্য করা হয়েছে।

গ্রেপ্তারের পর পুলিশ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেছিল, ঐশী মাদকাসক্ত।

ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাদকাসক্ত একজনের স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা নিয়ে বিচারকের সামনে প্রশ্ন রাখেন ঐশীর আইনজীবীরা।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, ঐশী কখনোই মাদকাসক্ত ছিল না। সে কখনোই ইয়াবা সেবন করতো না।  

রাষ্ট্রপক্ষের এই বক্তব্যকে ‘ভণ্ডামি’ বলে উল্লেখ করেন ঐশীর আইনজীবীরা।

মাহবুব হাসান বলেন, “এর আগে এই তদন্ত কর্তৃপক্ষই বলেছেন যে ঐশী শুধু মাদকাসক্তই নয়, মাদক ব্যবসায়ীও।এতদিন পরে রাষ্ট্রপক্ষের সহকারী পুলিশ কমিশনার প্রসিকিউশন মো. আমিনুর রহমান আদালতে নিজেদের গা বাঁচাতে বলছেন যে ঐশী কখনোই মাদকাসক্ত ছিল না।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

ঐশীকে জিজ্ঞাসাবাদের আগে পুলিশ ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাও করেননি বলে অভিযোগ করেন তার আইনজীবীরা।

মঙ্গলবার ঐশীকে আদালতে হাজির করা হয়নি। তবে শুনানির সময় এজলাসে উপস্থিত এক ব্যক্তি বিচারক ও আইনজীবীদের হাজির ছবি তুলতে গেলে বিচারক তাকে বাধা দেন এবং পুলিশের হাতে তুলে দেন। 

ওই ব্যক্তির নাম আহসান উল্লাহ শিমূল, তিনি নিজেকে একজন মনোবিজ্ঞান বিষয়ক লেখক বলে দাবি করেছেন।

বিকাল ৫টার দিকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত পুলিশের একজন হাবিলদার রফিকুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “শিমুল নামের ওই ব্যক্তি জানিয়েছে ঐশীকে তার ভালো লাগে। এজন্য প্রতিদিন তিনি আদালতে উপস্থিত থাকেন।”

ঐশীর আগে গত ২৯ সেপ্টেম্বর তাদের কিশোরী গৃহকর্মী গৃহকর্মী খাদিজা খাতুন সুমীর জামিন আবেদন নাকচ করেন ঢাকার মহানগর হাকিম ও শিশু আদালতের বিচারক আনোয়ার সাদাত।

এই হত্যা মামলায় ঐশীর বন্ধু রনি ও জনিকেও গ্রেপ্তার করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ।

পুরনো খবর:

বাবা-মাকে একাই হত্যা করে ঐশী: পুলিশ