ক্ষতিপূরণের দাবিতে রানা প্লাজার ব্যবসায়ীদের অনশন
ক্ষতিপূরণ ও পুর্ণবাসনের দাবিতে সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে প্রতীকী অনশন করছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ীরা।
মঙ্গলবার দুপুরে রানা প্লাজার সামনে ‘ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ী সমিতি’র ব্যানারে এ অনশনের আয়োজন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন রানা প্লাজার ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান স্বপন।
তারা বলেন, রানা প্লাজা ধসে ভবনটির ব্যবসায়ীদের অধিকাংশই পথে বসেছে। বন্ধ হয়ে গেছে সন্তানদের লেখাপড়া। পরিবার পরিজন নিয়ে তাদের দিন কাটছে অনাহার অর্ধাহারে।
ধসে পড়া এই ভবনের ১৪২টি দোকানের মালিক ও ব্যবসায়ীরা অনেকেই নিজেদের ভিটেমাটি বিক্রি করে ব্যবসা দাঁড় করিয়েছিলেন। কেউ বা উচ্চ সুদে ঋণ নিয়েছিলেন।
রানা প্লাজা ধসে হতাহতরা ক্ষতিপূরণ পেলেও ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীদের মানবেতর জীবনযাপন নিয়ে কেউ কিছুই ভাবছে না বলে তারা অভিযোগ করেন।
তারা এ বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা।
পরে অনশনকারীদের ফলের জুস পান করিয়ে অনশন ভাঙান ঢাকা মহানগর কেন্দ্রীয় দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক এস এ কাদের কিরণ।
