২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার রায় ঘিরে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা

যুদ্ধাপরাধ মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায়কে ঘিরে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 10:36 AM

Updated : 25 Apr 2022, 07:20 PM

বিভিন্ন স্থানে বাড়তি পুলিশ মোতায়েনের পাশাপাশি রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি ও সীতাকুণ্ড উপজেলায় প্রয়োজনে বিজিবি নামানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় ঘোষণা করবে বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১। এই প্রথম বিএনপির কোনো নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায় হতে যাচ্ছে।

হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করার মতো ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির এই সংসদ সদস্যের বিরুদ্ধে।

রায়ের সময় উপস্থিত রাখতে সোমবার রাতেই সাকা চৌধুরীকে কামিশপুর কারাগার থেকে ঢাকায় নিয়ে আসা হয়।

ট্রাইব্যুনাল সোমবার রায়ের তারিখ জানানোর পর থেকেই সালাউদ্দিন কাদেরের জেলা চট্টগ্রামের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত সুপার (উত্তর) মো. ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যে কোনো ধরনের নাশকতা মোকাবেলায় পুলিশ প্রস্তুত রয়েছে। কয়েকটি উপজেলায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

“কেউ কোনো ধরনের নাশকতা করতে চাইলে তা প্রতিহত করা হবে।”

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, বিভিন্ন পয়েন্টে তল্লাশি ছাড়াও মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ।

এদিকে সাকা চৌধুরীর গ্রামের বাড়ি রাউজানের গহিরায় তার ও তার পরিবারের সদস্যদের হাতে নির্যাতিত পরিবারের সদস্য এবং ট্রাইব্যুনালে এ মামলার সাক্ষীরা অনেকেই উৎকণ্ঠা নিয়ে রায়ের অপেক্ষা করছেন।

তবে রাউজান থানার ওসি এনামুল হক বলছেন, কোথাও নিরাপত্তা নিয়ে কোনো সমস্যা নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর  ডটকমকে তিনি বলেন, “রাউজানের কোথাও অপ্রীতিকর কিছু ঘটেনি। আমরা সাক্ষী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি।

একাত্তরে এই রাউজানের কুণ্ডেশ্বরী, জগৎমল্লপাড়া ও উনসত্তরপাড়ায় সাকার নির্দেশে ব্যাপক হত্যাযজ্ঞ চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া নগরীর গণি বেকারিসংলগ্ন গুডস হিলে তার বাসায় মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামীদেরদের ধরে এনে নির্যাতন করা হতো বলে যুদ্ধাপরাধ মামলার তদন্তে উঠে এসেছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরী বর্তমানে ফটিকছড়ির সংসদ সদস্য। পাশের উপজেলা রাঙ্গুনিয়া থেকেও তিনি এর আগে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। গত সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি থেকে নির্বাচন করলেও রাঙ্গুনিয়ায় হেরে যান।

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকাতেও তার প্রভাব রয়েছে বলে বিএনপি সংশ্লিষ্টরা জানান।

সালাউদ্দিন কাদেরকে মুক্তি না দিলে চট্টগ্রামের আদালত, চট্টগ্রাম বন্দর ভবন, বিদ্যুৎ ভবন, কাস্টমস ভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে সম্প্রতি উড়ো চিঠি পাঠানো হয়। 

মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিনকে ২০১০ সালের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার করে পুলিশ। এরপর গত বছর ৪ এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরু হয়।

পুরনো খবর:

এবার সালাউদ্দিন কাদেরের রায়