২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সালাউদ্দিন কাদের ট্রাইব্যুনালে

যুদ্ধাপরাধ মামলার রায়ের জন্য বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2013, 10:10 AM

Updated : 25 Apr 2022, 07:20 PM

মঙ্গলবার সকাল ১০টায় একটি প্রিজন ভ্যানে করে হাই কোর্ট সংলগ্ন ট্রাইব্যুনালের পেছনের ফটক দিয়ে ভেতরে নেয়া হয় বলে জানান সেখানে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক সুলাইমান নিলয়।

এ সময় এই সংসদ সদস্যের পরনে ছিল সাদা পাঞ্জাবি পায়জামা, চোখে ছিল চশমা।

সালাউদ্দিন কাদেরকে বর্তামনে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়েছে।   

সকাল সাড়ে ১০টায় ঢাকায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার রায় ঘোষণা করবে বিচারপতি এটিএম ফজলে কবীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-১। এই প্রথম বিএনপির কোনো নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায় হতে যাচ্ছে।

হত্যা, গণহত্যা, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরে বাধ্য করার মতো ২৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্যের বিরুদ্ধে।

রায়কে ঘিরে সুপ্রিম কোর্ট সংলগ্ন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশেপাশের এলাকার নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের প্রধান প্রবেশ পথে দুই সারিতে নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ। এছাড়া হাই কোর্টে যারাই প্রবেশ করছেন, তাদের জিজ্ঞাবাদ করা হচ্ছে। 

মূল ফটকের কাছে পুলিশের সাঁজোয়া যানও মোতয়েন রয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মুজতবা ধ্রুব জানান।

পুলিশের রমনা অঞ্চলের উপ কমিশনার মারুফ হাসান তালুকদার বলছেন, যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ‘যথেষ্ট’ নিরাপত্তা রয়েছে।