নিরাপদ খাদ্য ও এমএলএম নিয়ন্ত্রণ বিল সংসদে
খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক মেশানোর দায়ে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধান রেখে ‘নিরাপদ খাদ্য বিল’ সংসদে উত্থাপন করা হয়েছে।
সোমবার এই বিলটির পাশাপাশি এমএলএম ব্যবসার কার্যক্রম আইনি কাঠামোর আওতায় আনতে ‘মাল্টি লেভেল মার্কেটিং (নিয়ন্ত্রণ) বিল’ও সংসদে উত্থাপিত হয়েছে।
নিরাপদ খাদ্য বিল সংসদে উত্থাপন করেন খাদ্যমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক। পরে তা পরীক্ষা করে সাত দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
প্রস্তাবিত আইনে খাদ্যে ভেজাল ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর দায়ে জেলের পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদণ্ডের বিধানও রাখা হয়েছে। আর দ্বিতীয়বার একই অপরাধ করলে সাজার মেয়াদ বেড়ে হবে দ্বিগুণ, অর্থাৎ ১০ বছর কারাদণ্ড।
প্রস্তাবিত আইনে ‘বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ’ নামে একটি সংস্থা গঠনের বিধান রাখা হয়েছে, যার কাজ হবে খাদ্যপণ্যের গুণগত মান নিশ্চিত করা এবং নিম্নমাণের পণ্য বিক্রি বন্ধের উদ্যোগ নেয়া।
এছাড়া খাদ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের সমন্বয় করে কার্যক্রম পরিচালনার জন্য ‘জাতীয় খাদ্য ব্যবস্থাপনা উপদেষ্টা পরিষদ’ গঠনের বিধান রাখা হয়েছে। পরিষদের সভাপতি হবেন খাদ্যমন্ত্রী।
যেসব প্রতিষ্ঠান নিরাপদ খাদ্য শিশ্চিত করতে কাজ করে তাদের কাজ সমন্বয় করে একটি কাঠামোয় নিয়ে আসা হবে এই আইনের মাধ্যমে।
বিলে, খাদ্য নিয়ে মিথ্যা বিজ্ঞাপন দিলে এক বছর কারাদণ্ড, নিবন্ধন ছাড়া বিপণন করলে তিন বছর, ছোঁয়াচে ব্যাধি আক্রান্ত কাউকে দিয়ে খাদ্য বিক্রি করলে দুই বছর কারাদণ্ডের বিধান রাখা হয়েছে।
এছাড়া হোটেল-রেস্তোরাঁয় সরবরাহ করা ‘নিম্নমানের’ খাবার গ্রহণের ফলে কারো স্বাস্থ্যহানি ঘটলে সরবরাহকারীকে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে বলে বিধান রাখা হয়েছে।
প্রস্তাবিত আইনের অধীন অপরাধগুলো ‘মোবাইল কোর্ট আইন-২০০৯’ অনুযায়ী বিচারের বিধানের প্রস্তাবও করা হয়েছে।
‘মাল্টি লেভেল মার্কেটিং (নিয়ন্ত্রণ) বিল-২০১৩’ সংসদে বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদেরের পক্ষে উত্থাপন করেন বিমানমন্ত্রী ফারুক খান।
এটি দুই দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
গত ১৯ অগাস্ট বিলটিতে চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সংসদ অধিবেশন না থাকায় গত ২ সেপ্টেম্বর এটি অধ্যাদেশ আকারে জারি করা হয়।
সংবিধান অনুযায়ী অধ্যাদেশ জারির পর সংসদের পরবর্তী প্রথম অধিবেশনেই তা অনুমোদনের কথা বলা হয়েছে।
গত বছরের ১৭ সেপ্টেম্বর এমএলএম আইনের খসড়ার নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা। ডাইরেক্ট সেল আইন নামে বিলটি মন্ত্রিসভায় উঠলেও পরে এর নাম পরিবর্তন করে ‘মাল্টিলেভেল মার্কেটিং নিয়ন্ত্রণ আইন’ করা হয়।
এই আইনের অধীন সব অপরাধ অজামিনযোগ্য ও আমলযোগ্য রাখা হয়েছে। বিলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।
বিলে, এমএলএম প্রতিষ্ঠানের পিরামিডসদৃশ বিক্রয় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া লাইসেন্স ছাড়া এমএলএম ব্যবসা নিষিদ্ধ করা হয়েছে। লাইসেন্সের মেয়াদ হবে এক বছর, যা পরে নবায়ন করা যাবে।
এই লাইসেন্স কোনোভাবেই হস্তান্তর করা যাবে না। লাইসেন্সের শর্ত বা আইন ভাঙলে লাইসেন্স স্থগিতের পাশাপাশি জেল জরিমানার বিধান রাখা হয়েছে।
প্রস্তাবিত আইনে এমএলএম ব্যবসা পরিচালনাকারীর বার্ষিক লেনদেন ও অডিট প্রতিবেদন সরকারের কাছে দখলের বিধান রাখা হয়েছে। এছাড়া ‘প্রলুব্ধ’ বা ‘প্রতারণা’ করার জন্য বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করা হয়েছে।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে- পৃথিবীর বিভিন্ন দেশে এমএলএম কার্যক্রম নিয়ন্ত্রণ ও পরিবীক্ষণের জন্য সুনির্দিষ্ট আইন বা নীতিমালা থাকলেও বাংলাদেশে তা নেই।
দেশে সাম্প্রতিক কিছু মাল্টি লেভেল কোম্পানির বিরুদ্ধে উচ্চ মুনাফার লোভ দেখিয়ে জনসাধারণকে অর্থ বিনিয়োগে অর্থ বিনিয়োগে আকৃষ্ট করা অথবা অলীক ও অদৃশ্য পণ্য বিপণনের মাধ্যমে প্রতারণা করার অভিযোগ উঠে।
সুনির্দিষ্ট আইন বা নীতিমালা না থাকায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হচ্ছিল না বলে এই আইন প্রণয়ন করা হয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে।
বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিল উত্থাপন
বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদ গঠন সংক্রান্ত ১৯৭৮ এবং ১৯৮৪ সালের অধ্যাদেশ রহিত করতে ‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বিল-২০১৩ সংসদে উত্থাপন করা হয়েছে।
সোমবার বিলটি সংসদে উত্থাপন করেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। পরে এটি পরীক্ষা করে সাত দিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
