সাংবাদিককে হুমকি, জবি ছাত্রলীগ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
সাংবাদিককে হুমকি দেয়ার অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে।
সরকার সমর্থক সংগঠনটির নেতা এস এম সিরাজুল ইসলামের বিরুদ্ধে সোমবার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন বাংলামেইল২৪.কমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক হেদায়েত উল্লা।
হেদায়েতের অভিযোগ, সংবাদ প্রকাশের জের ধরে সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতির এফ এম শরিফুল ইসলামের সামনে তাকে মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেন সিরাজুল ইসলাম।
গত ২৭ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ফুজি গলিতে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রদলের নেতা মামুন সরকারকে মারধর করেন এক ব্যবসায়ী পুত্রসহ কয়েকজন যুবক।
ওই সময় ব্যবসায়ীপুত্র ডলারকে পুলিশ আটক করলেও তাকে ছাড়িয়ে নিতে দেখা যায় ছাত্রলীগ নেতা সিরাজুল ইসলামকে, যা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।
এদিকে সিরাজুলের বিরুদ্ধে প্রক্টর ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির কাছেও অভিযোগ করেছেন সাংবাদিক হেদায়েত।
