ঢাকায় র্যাবের অভিযানে ৩ ছিনতাইকারী গ্রেপ্তার
রাজধানীর কলাবাগান ও পল্টন এলাকায় অভিযান চালিয়ে ‘ছিনতাইকারী চক্রের’ তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-২ এর সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন- আসিফ আজাদী (২৩), সাইফুল ইসলাম জনি (২৩) ও মো. মনির হোসেন।
সোমবার বিকালে র্যাব-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম আনিসুর রহমান এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের তথ্য জানান।
তিনি বলেন, ওই তিনজনের কাছ থেকে প্রায় অর্ধশত ল্যাপটপ, শতাধিক মোবাইল সেট, একটি মোটর সাইকেল, চারটি ক্যামেরা ও ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর, আইডিবি এলাকা, সংসদ ভবন চত্বরে ছিনতাইকারীদের সক্রিয়তার অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয় বলে র্যাব জানিয়েছে।
অভিযানে নেতৃত্বদাতা অতিরিক্ত পুলিশ সুপার রায়হান উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক মাস আগে মোহাম্মদপুর এলাকা থেকে এক ব্যক্তির আইপড ছিনতাই হয়। তার তদন্তে প্রযুক্তি ব্যবহার করে ইষ্টার্ন প্লাজার সামনে থেকে রোববার রাতে আসিফ ও জনিকে গ্রেপ্তার করা হয়।
আসিফ ও জনির দেয়া তথ্যে সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ইয়েস টেল, মাওলানা ভাসানী স্টেডিয়ামের নিউ হাবিব ইলেকট্রনিক্স, শাহীনুর ইলেকট্রনিক্স ও সুমা ইলেকট্রনিক্সে অভিযান চালায়।
ওই দোকানগুলোতে অভিযান চালিয়ে চোরাই ১২৪টি মোবাইল সেট ও ৩৮টি ল্যাপটপ উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার মনির সুমা ইলেকট্রনিক্সের মালিক। তিনি আসিফ ও জনির সহযোগী হিসেবে কাজ করতেন বলে জানান র্যাব কর্মকর্তা রায়হান।
