সংবর্ধনার ভিড়ে তীব্র যানজট
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মহাখালী ফ্লাইওভারের পাশে সড়কে পাঁচটি অ্যাম্বুলেন্স থেকে উচ্চস্বরে সাইরেন বাজছিল, কিন্তু যানজট এতটাই ছিল কোনোভাবেই রোগীবাহী এই গাড়িগুলো এগোতে পারছিল না।
সন্ধ্যায় যানজট রাজধানীর নিত্য দিনের চিত্র হলেও এদিন তীব্রতা ছিল প্রকট। নিউ ইয়র্ক থেকে ফেরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা জানাতে জড়ো হওয়া আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভিড়ের কারণে এই যানজটে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হয় যাত্রীদের।
বিকালে বিমানবন্দরমুখী সড়কগুলোতে লাগা যানজট সন্ধ্যা নাগাদ রাজধানীর বিশাল এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। এসময় বিভিন্ন সড়কে গাড়িতে আটকে থাকা অনেককে ক্ষোভও প্রকাশ করতে দেখা যায়।
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে সোমবার বিকালে দেশে ফেরেন শেখ হাসিনা। এই সফরে সাউথ-সাউথ পুরস্কার পাওয়ায় তাকে বিমান বন্দরে সংবর্ধনা দেয় আওয়ামী লীগ।
সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে দুপুরের পর থেকে আওয়ামী লীগ নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন স্থান থেকে ট্রাক-বাসে করে বিমানবন্দর এলাকায় জড়ো হন। সারি বেঁধে কয়েক হাজার মোটর সাইকেলও যেতে দেখা যায়।
ট্রাক-মটর সাইকেলের মিছিলের চাপে বিমানবন্দরমুখী সড়কগুলোতে যান চলাচল বিকালেই স্থবির হয়ে পড়ে। এরপর অনুষ্ঠান শেষে ফেরার মিছিলের পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য জাহাঙ্গীর গেইট থেকে গণভবন পর্যন্ত সড়ক আটকে দেয়ায় উভয় দিকেই যানজট সৃষ্টি হয়।
মহাখালী ওভার ব্রিজের নিচে যানজটে আটকা পড়ে বিরক্ত হয়েছে তিন নম্বর রুটের বাস থেকে নেমে ইকবাল হোসেন নামে এক ব্যক্তি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৭টায় আমার শাহবাগে থাকার কথা ছিল। কিন্তু রাত পৌনে ৮টা বাজে, আমি এখন মহাখালীতে।”
বনানী থেকে মহাখালীর প্রায় এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করতেই দুই ঘণ্টা লেগেছে বলে জানান ইকবাল।
যানজট এড়াতে মহাখালী ফ্লাইওভারের কাছে কর্তব্যরত এক পুলিশ কনস্টেবল বিভিন্ন গাড়িকে প্রধান সড়ক ছেড়ে বনানীর সড়কগুলো ব্যবহারের পরামর্শ দেন।
এতে বনানী এলাকার বিভিন্ন গলিতে তীব্র যানজট লেগে যায় বলে ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন।
নুরুল ইসলাম নামে এক যুবক জানান, বারিধারা থেকে মহাখালী আসতে তার দেড় ঘণ্টা সময় লেগেছে।
“রিকশা নিয়ে কিছু দূর আসার পর হেঁটে আসতে হয়েছে,” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।
বিমান বন্দর থেকে মহাখালী এবং বিশ্বরোড হয়ে যানজট সন্ধ্যার পর বাংলা মোটর ও মালিবাগ এলাকায়ও ছড়িয়ে পড়ে।
তবে বাংলা মোটর থেকে গুলশানগামী ৬ নম্বর বাসের যাত্রী আকবর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহাখালীতে আসতে তার সাড়ে চার ঘণ্টা সময় লেগেছে।
তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “আমাদের রাজনীতিবিদদের একটু অন্যভাবে ভাবতে হবে। এভাবে জনগণকে ভোগান্তিতে ফেলা ঠিক নয়।”
রাত সাড়ে ৮টার দিকে সায়েন্স ল্যাবরেটরি এলাকা থেকে ওমর ফারুক নামে এক স্কুলশিক্ষক জানান, রাস্তার উভয় পাশে তখনো তীব্র যানজট ছিল।
ঢাকা মহানগর পুলিশের ধানমণ্ডি জোনের পুলিশ পরিদর্শক (পেট্রোল) সাজ্জাদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা যানজট নিরসনে চেষ্টা চলিয়ে যাচ্ছি। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।”
রাত ৮টার দিকে ট্রাফিক কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে নিলুফার ইয়াসমিন নামে এক পুলিশ সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিমান বন্দর এলাকায় ভিড়ের কারণে সাময়িক যানজটের সৃষ্টি হয়েছে। তবে যানজট কেটে যাচ্ছে।
