অবরোধে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত
ব্রাহ্মণবাড়িয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের এএসপি শাহ আলম বকাউল বলেন, ইসলামপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সোমবার সকাল ১০টা থেকে মহাসড়ক অবরোধ করে রাখায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বেলা সাড়ে ৩টার দিকে শিক্ষার্থীদের সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে বেলা ১২টার দিকে একবার চেষ্টা করলেও আন্দোলনকারী শিক্ষার্থীদের সড়ক থেকে সরাতে ব্যর্থ হয় পুলিশ। তখন শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষে পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৪০ জন আহত হয়। ঘটনাস্থল থেকে এক ছাত্রকে আটক করে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সকালে মহাসড়ক অবরোধ করতে আসলে পুলিশ তাদের বাধা দেয়ার চেষ্টা করে। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রবার বুলেট ও কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
