চট্টগ্রামে মন্দির থেকে লাখ টাকার মালামাল চুরি
চট্টগ্রামের বোয়ালখালীতে একটি দূর্গা মন্দিরের প্রতিমার গায়ের অলঙ্কারসহ প্রায় এক লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বোয়ালখালি থানার ওসি জহিরুল হক সবুজ জানান, রোববার রাতের কোনো এক সময় দক্ষিণ সারোয়াতলী গ্রামে প্রায় ৬৫ বছরের পুরনো ‘ভবানীভবন মাতৃমন্দিরে’ চুরি হয়।
মন্দিরের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ডা. তপন কান্তি দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিমার কানের দুল, মূল্যবান তৈজসপত্র এবং ব্যাটারি ও মাইকের মতো বৈদ্যুতিক সরঞ্জামসহ মন্দিরের প্রায় এক লাখ টাকার মালামাল চুরি হয়েছে।
রাতে মন্দিরের মাঠে আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্যান্ডেল তৈরির কাজ চলছিল।
ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার নূরুল হক চুরির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিয়েছেন।
ওসি বলেন, চুরির ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
