সুমীর জামিন নাকচ
স্ত্রীসহ পুলিশ পরিদর্শক খুনের ঘটনায় তাদের বাসার শিশু গৃহকর্মী খাদিজা আক্তার সুমীর জামিন আবেদন নাকচ করেছে আদালত।
ঢাকার মহানগর হাকিম ও শিশু আদালতের বিচারক আনোয়ার সাদাত রোববার শুনানি শেষে এই আদেশ দেন।
সুমির আইনজীবী ফাহমিদা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘আইন ও শালিস কেন্দ্র’ ও ‘জাতীয় মহিলা আইনজীবী সমিতি’ গত ১৯ সেপ্টেম্বর সুমির জামিনের এই আবেদন করে।
পাশাপাশি গাজীপুরের কাশিমপুর কারাগারে বন্দি ১১ বছর বয়সী সুমীকে নিজেদের নিরাপত্তা হেফাজতে চায় এ দুই সংস্থা।
সুমীর বাবা নূরু মিয়া ও মা সালেহা বেগম রোববার শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন।
গত ১৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর চামেলীবাগের ভাড়া বাসা থেকে পুলিশের বিশেষ শাখার পরির্দশক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।
পরের দিন ১৭ অগাস্ট পল্টন থানায় আত্মসমর্পণ করেন এ দম্পতির কিশোরী মেয়ে ঐশী রহমান, যিনি নিজেই বাবা-মাকে হত্যা করেছেন বলে পুলিশের দাবি।
আর সুমী এ ঘটনায় ঐশীকে সহযোগিতা করতে বাধ্য হয় বলেও পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য ঐশি, সুমি ও রনিকে পাঁচ দিনের হেফাজতের নেওয়া হলে ঐশী ও সুমি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। অবশ্য ঐশী পরে তার জবানবন্দি প্রত্যাহারের আবেদন করেন।
