পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
যৌতুকের জন্য স্ত্রীকে মারধরের অভিযোগে এক মামলায় রমনা থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল হক ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
ঢাকার এক নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেরর বিচারক সাদিকুল ইসলাম তালুকদার রোববার পরোয়ানা জারির এ আদেশ দেন।
এ আদালতের পেশকার ফজলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইদুল হকের স্ত্রী মরিয়ম আক্তার মৌসুমী গত ৩১ জুলাই এ আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।
আদালত প্রথমে এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেয়। বিচারবিভাগীয় তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়া গেলে আদালতে প্রতিবেদনও দাখিল করা হয়। তবে বাদী ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন।
বাদীপক্ষে মামলাটি লড়ছেন জাতীয় মহিলা পরিষদের আইনজীবি ফাহমিদা আক্তার।
মামলাটির আর্জিতে সর্বশেষ ১৭ জুলাই বাদীর ওপর যৌতুকের দাবিতে নির্যাতন চালানোর কথা বলা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে রমনা থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সাইদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাকে ডিভোর্স দিয়েছি বলে মিথ্যা মামলা করে আমাকে অপমাণ করতে চাইছে।”
