শেরপুর পলিটেকনিকে সংঘর্ষের ঘটনায় মামলা
শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে পুলিশের গাড়ি ভাংচুর, পুলিশকে মারধর এবং সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলা হয়েছে।
শেরপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার জানান, রোববার বিকালে সদর থানার উপ পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলায় ইনস্টিটিউটের ২৬ ছাত্রের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় আরো অনেককে আসামি করা হয়।
মামলার এজাহারভুক্ত এই ২৬ ছাত্রকে শনিবার পলিটেকনিক ইনস্টিটিউটে ভাংচুর ও সংঘর্ষের সময় পুলিশ গ্রেপ্তার করে। রোববার বিকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।
ভাংচুর, সংঘর্ষ ও ছাত্র গ্রেপ্তারের কারণে রোববার পলিটেকনিকে নির্ধারিত কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।
দুই দফা দাবিতে শনিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউটে ভাংচুর চালায় শিক্ষার্থীরা।
এ সময় তাদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়।
বিক্ষুদ্ধ ছাত্ররা পুলিশের দুইটি গাড়ি ভাংচুর করে।
