সিরাজগঞ্জেও পলিটেকনিকে সংঘর্ষ, আহত ৩০
দুই দফা দাবিতে বিক্ষোভরত সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ইনিস্টিটিউটের সামনে সিরাজগঞ্জ-কাজিপুর সড়ক অবরোধ করলে এ সংঘর্ষ হয়।
আহত পুলিশের উপ-পরিদর্শক আবু সাদাতকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, কুমিল্লা, পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ, অবরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে পুলিশ তাতে বাধা দিতে যায়। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়লে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে সংঘর্ষ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে।
এ সময় সড়কটিতে প্রায় ৪ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
ইনিস্টিটিউটের শিক্ষার্থী শামীম ও শাওন অভিযোগ করেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছিল। এসময় পুলিশ বিনা উস্কানীতে তাদের উপর চড়াও হওয়ায় সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষের সময় পুলিশের ছোড়া টিয়ারসেল ও রাবার বুলেটের আঘাতে অন্তত ৫০ শিক্ষার্থী আহত হয়েছে বলে তারা দাবি করেন।
সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করায় সংঘর্ষ বেধে যায়। রবার বুলেট ও টিয়ার সেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ওই সড়কে যানবাহন চলাচল শুরু হয় বলেও জানান তিনি।
ওসি বলেন, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
