২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বীজ আইনে’ ক্ষতিপূরণ পাবে কৃষকরা

কৃষকদের ক্ষতিপূরণের বিধান রেখে দেশের প্রথমবারের মতো বীজ আইন হতে যাচ্ছে বলে জানিয়েছেন কৃষি সচিব এস এম নাজমুল ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 10:14 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে কৃষি মন্ত্রণালয়ের বীজ বিভাগ আয়োজিত এক কর্মশালায় তিনি বলেন, আগের অধ্যাদেশ পরিবর্তন ও পরিমার্জন করে ইতোমধ্যে একটি খসড়া করা হয়েছে।

তিনি বলেন, বীজ খাত এখন শিল্প খাতের অংশ। এ খাতকে সঠিক ভাবে পরিচালনা করতে আইনের প্রয়োজন।

“আমাদের এমন একটি আইন দরকার, যে আইনে কৃষি ও কৃষকদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা থাকবে। একইসাথে প্রতারণায় অভিযুক্তদের জেল জরিমানার ব্যবস্থাও থাকবে। এ ধরনেরই একটি কৃষিবান্ধব আইন করার প্রক্রিয়া চলছে।”

দেশের কৃষি খাতের উন্নয়নে ১৯৭৭ সালে বীজ অধ্যাদেশ জারি করে সরকার। এরপর ১৯৯৭ সালে ও ২০০৫ সালে তাতে সংশোধনী আনা হয়।

এবারই প্রথম দেশে বীজ আইন করার উদ্যোগ নেয়া হয়েছে বলে কৃষি সচিব জানান।  

তিনি বলেন, দেশে এখন যে পরিমাষ আবাদি জমি কমে যাচ্ছে তাতে আনুভূমিকভাবে ফলন বৃদ্ধি করা সম্ভব নয়। একমাত্র ‘ভার্টিকালি’ ছাড়া জমিতে ফলন বৃদ্ধির কোনো উপায় নাই। এজন্য দরকার ভাল মানের বীজ সরবরাহ।

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে বছরে সাড়ে ১১ লাখ টন বীজের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু আলুর বীজের চাহিদা ছয় লাখ এবং ধানের বীজের চাহিদা সাড়ে তিন লাথ টন।

বাংলাদেশ কৃষি উন্নয়ন বোর্ড মাত্র দেড় লাখ টন বীজের চাহিদা পূরণ করতে পারে। ১৭৬টি বেসরকারি প্রতিষ্ঠান বাকি বীজ সরবরাহ করে।

কর্মশালায় বীজ বিভাগের মহাপরিচালক আনোয়ার ফারুকের সভাপতিত্বে  শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার‌্য শহীদুর রশীদ ভূঁইয়া, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক রফিকুল ইসলাম মণ্ডল, বাংলাদেশ বীজ অ্যাসোসিয়েশনের সভাপতি আনিস উদ-দৌলা প্রমুখ বক্তব্য রাখেন।