হাতিয়ায় ১৪৪ ধারা জারির পর ওসি প্রত্যাহার
নোয়াখালীর হাতিয়া উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের মুখোমুখি অবস্থানের কারণে ১৪৪ ধারা জারির পর থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সুপার আনিসুর রহমান জানিয়েছেন, দায়িত্বে অবহেলার অভিযোগে ওসি খোরশেদ আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার সকালের মধ্যে তাকে জেলা সদরে পুলিশ লাইনে যোগদান করতে বলা হয়।
শনিবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর-সুর্বচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী জেলা সদর থেকে কর্মী-সমর্থকসহ গাড়িবহর নিয়ে হাতিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেন।
এদিকে হাতিয়ার সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আলীর সমর্থকরা একরাম চৌধুরীকে হাতিয়ায় প্রতিহত করার ঘোষণা দেন।
তারা ভোর থেকে সুবর্ণচর-হাতিয়া সড়ক ও হাতিয়ার নলচিরা-ওসখালী সড়কের বিভিন্ন স্থানে গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ইট ফেলে অবরোধ সৃস্টি করে।
পরে পুলিশের সহায়তায় প্রতিবন্ধকতা অপসারণ করে একরামুল করিম চৌধুরীর গাড়িবহর হাতিয়া পৌঁছে।
হাতিয়া বাজারে আওয়ামী লীগের দলীয় কার্যালয় ভাংচুরও হয়।
এ ঘটনা নিয়ে উত্তেজনার পরিপ্রেক্ষিতে শনিবার দুপুর ১২টা থেকে মধ্যরাত পর্যন্ত উপজেলা সদর ও আশপাশ এলাকায় সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করে প্রশাসন।
