রাষ্ট্রই মানবাধিকার রক্ষার প্রধান হুমকি: মিজান
রাষ্ট্রকেই মানবাধিকার রক্ষার প্রধান হুমকি বলে মনে করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান।
শনিবার রাজধানীর একটি হোটেলে মানবাধিকার কর্মীদের একটি জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিজান বলেন, মানবাধিকার রক্ষার সংগ্রাম একটি নিরন্তর সংগ্রাম। সৃষ্টির আদিকাল থেকে এটা শুরু হয়েছে এবং এখনো চলছে। দেশে দেশে মানবাধিকার যেহেতু লঙ্ঘিত হয়, তাই এটা রক্ষা করারও প্রয়োজন রয়েছে।
“মানবাধিকার কর্মীদের অধিকারও লঙ্ঘিত হচ্ছে। তাই এখন বলা হয়, মানবাধিকার কর্মীদের অধিকারও মানবাধিকার।”
তিনি বলেন, মানবাধিকার লঙ্ঘনের প্রধান হুমকি আসে রাষ্ট্রের তরফ থেকে। রাষ্ট্রকে সহিষ্ণু হতে হবে। সবাই একইভাবে চিন্তা করবে, এটাতো হয় না। ভিন্নমত থাকলেই তিনি শত্রুতে পরিণত হবেন, এটা ঠিক নয়। ভিন্নতা আর মত পার্থক্য থাকতে পারে- এটা রাষ্ট্রকে শিখতে হবে।
“দ্বিতীয়ত: নাগরিক সমাজ থেকেও এক ধরনের হুমকি আসে। নারী সাংবাদিককে বলা, এই মেয়ে তুমি কেন রিপোর্টিং করতে আসছো? এগুলো। এগুলো প্রতিরোধে একটা আন্দোলনের ঘোষণা দেয়ার সময়ে আমরা উপনীত হয়েছি।”
মানবাধিকার কর্মীদের অধিকার রক্ষার প্রয়োজনীয় সব কিছুই রাষ্ট্রকে করতে হবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি সরকার দলীয় সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া।
