২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ঘরে ঢুকে ব্যবসায়ীকে খুন

রাজধানীর মিরপুরে ঘরে ঢুকে এক ব্যবসায়ীকে গুলি চালিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2013, 04:11 PM

Updated : 23 Aug 2022, 06:59 PM

শনিবার দুপুর ১২টার দিকে রূপনগর আবাসিক এলাকার ছয় নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত জাফরুল হক (৫০) ‘হোমস টেক’ নামের একটি ভবন নির্মাণকারী প্রতিষ্ঠানের মালিক ছিলেন।

নিহতের ভাইয়ের স্ত্রী রীনা বেগম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে ড্রয়িং রুমে ঢুকে এক যুবক জাফরুলকে গুলি ছোড়ে। পরে ওই যুবক বাইরে থাকা অন্য যুবকের সঙ্গে মোটর সাইকেলে চড়ে পালিয়ে যায়।

হামলার সময় সাত তলা ভবনের নিচতলায় বসার ঘরে ছিলেন জাফরুল।

রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবে খোদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধান ফটকের সঙ্গে ড্রইং রুমের দরজা। প্রধান ফটক ও দরজা দুটি ওই সময় খোলা ছিল।

নিহতের ভাই ফয়সল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একজন তার (জাফরুল) সঙ্গে দেখা করবে বলে ফোন করে। তার সাথে দেখা করতেই তিনি ড্রইং রুমে বসে ছিলেন।”

খুনি যুবক জাফরুলের সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন বলে পরিবারের সদস্যদের কাছে শুনেছেন ফয়সল।

জাফরুলকে প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়, সেখান থেকে পাঠানো হয় স্কয়ার হাসাপাতালে। সর্বশেষ দুপুর ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জানান, জাফরুল মারা গেছেন।

দুই সন্তানের জনক জাফরুলের ভাই অলিউল হক মিন্টু পল্লবী থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক।

জাফরুলের বড় ছেলে রাজিব বাবার ব্যবসা দেখাশোনা করেন। ছোট ছেলে রাব্বি মিরপুর কমার্স কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির ছাত্র।

অলিউল সাংবাদিকদের বলেন, পল্লবীর একটি ইউনিট আওয়ামী লীগের সদস্য ছিলেন জাফরুল।

তবে তার বক্তব্যের বিপরীতে নিহতের আরেক ভাই ফয়সল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,জাফরুল রাজনীতিতে জড়িত ছিল না।

জাফরুলের কাছে কিছুদিন আগে সন্ত্রাসীরা চাঁদা চেয়েছিল বলে অলিউল জানান। তবে ফয়সলের দাবি, ঢাকায় তার ভাইয়ের কোনো শত্রু ছিল না।

জাফরুলদের বাড়ি মাদারীপুরের শিবচরে উপজেলায়, সেখানে তাদের শত্রু রয়েছে বলে ফয়সল জানান।

তিনি বলেন, “চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রব সিকদার তার দুই ভাই এবং  চাচাত ভাইয়েরা মিলে পরিকল্পিতভাবে পেশাদার কিলারদের দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

ফয়সল বলেন, চাঁদা না দেয়ায় তারা প্রায় দুই বছর আগে শিবচরে তার ভাইকে হত্যার চেষ্টা চালায়। তখন গুরুতর আহত হলে ঢাকায় এনে চিকিৎসা দেয়া হয় জাফরুলকে।

তিনি বলেন, “শিবচরে আমাদের এক চাচাত ভাইয়ের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয় রব সিকদারের লোকজন। এসব ঘটনায় রব সিকদারদের বিরুদ্ধে শিবচর থানায় অন্তত তিনটি মামলা করা হয়েছে।”

পুলিশ পরিদর্শক মাহবুবে খোদা বলেন, হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে পুলিশ।