সিরাজগঞ্জে আ.লীগ নেতাসহ অপহৃত দুইজন মুক্ত
সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে অপহৃত আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধাকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।
উপজেলার পুর্ণিমাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম মাস্টার ও পাশের কয়ড়া ইউনিয়নের হোড়পাড়ার মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনকে চার দিন আগে
উপজেলা সদরের শ্যামলীপাড়া বাসটার্মিনাল এলাকা থেকে অপহরণ করা হয়। তাদের মুক্তির বিনিময়ে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
তবে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে মুক্তিপণ ছাড়াই তাদের দুজনকে একটি অটোরিকশায় করে ফেরত পাঠানো হয় বলে উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক আব্দুল জলিল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সিরাজুল ও জয়নালকে চোখ বাধা অবস্থায় একটি অটোরিকশায় করে পুর্ণিমাগাতি ইউনিয়নের চড়–ইমড়ি বাজারে পৌঁছে দেয়া হয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।”
তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে বলে এস আই জলিল জানান।
“তারা বলেছেন, ধরে নিয়ে যাওয়ার পর সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের আলমপুর এলাকার একটি ঘরে তাদের আটকে রাখা হয়েছিল। এ ঘটনার সঙ্গে পুর্ণিমাগতির কয়েকজনও জড়িত, যাদের তারা চিনতে পেরেছেন।”
মুক্তি পাওয়া দুইজনকে আদালতে হাজির করে ১৬৪ ধারায় জবানবন্দি নেয়া হবে বলে জানান জলিল।
তিনি বলেন, অপহরণকারীরা মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে আসছিল। তাদের মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে বিভিন্ন স্থানে অভিযানও চালায় পুলিশ।
এরই অংশ হিসাবে অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে সিরাজগঞ্জ সদর উপজেলার আলমপুর গ্রামের সানোয়ার হোসেনকে ধরতে বুধবার রাতে অভিযান চালায় পুলিশ। তাকে না পেয়ে তারা স্ত্রী ছন্দা বেগমকে আটক করা হয়। একই কারণে আটক করা হয় ইসলামপুর গ্রামের আকব্বর আলীর মামা সমাজ আলীকে। তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়। এরপর বৃহস্পতিবার অপহৃতদের ফেরত পাঠানো হয়।
এ ঘটনায় সিরাজুল ইসলামের ভাতিজা রুহুল আমিন অপহরণের রাতেই অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন।
হোড়পাড়ার গ্রাম্য মাতব্বর মোশারফ হোসেন জানান, গত ৬ মাসে তাদের এলাকায় অন্তত ২০ জনকে অপহরণ করা হয়েছে। মুক্তিপণ দিতে না পারায় এবং চক্রের সদস্যদের চিনে ফেলায় হাশেম নামের এক শিশুকে হত্যাও করেছে অপহরণকারীরা।
