কমলাপুরে ব্যবসায়ীকে গুলি করে ছিনতাই
রাজধানীর কমলাপুরে এক ব্যক্তিকে গুলি করে তার কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ গোলাম মোস্তফাকে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জসিমউদ্দীন রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোলাম মোস্তফার বাম উরুতে গুলি করেছে দুর্বৃত্তরা।
মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোলাম মোস্তফা নতুন টাকার ব্যবসা করতেন। বিকালে বাংলাদেশ ব্যাংক থেকে তোলা নতুন নোটের তিন লাখ টাকা তুলে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তিনি।
ফরমান আলি বলেন, কমলাপুরের জসিমউদ্দীন রোড এলাকায় পার হওয়ার সময় তিনটি মোটরসাইকেলে চড়ে আসা নয়জন লোক তার গতিরোধ করে। তাকে গুলি করে টাকা নিয়ে পালিয়ে যায়।
এঘটনায় কাউকে কেউ আটক হয়নি বলে জানান তিনি।
