বাল্যবিয়ে দেয়ায় কাজীর কারাদণ্ড
ফেনীতে বাল্যবিয়ের নিবন্ধন করায় কাজী এবং তার সহকারীকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পি কে এম এনামুল করিমের আদালত তাদের এক মাস করে কারাদণ্ড ও এক হাজার টাকা করে জরিমানা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন কাজী মো. আবদুল মান্নান (৪০) ও তার সহকারী আবদুল্লা আল নোমান (২৭)।
ইউএনও এনামুল করিম বলেন, “সদর উপজেলার মধ্যম ধলিয়া গ্রামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিয়ের সংবাদ শুনে মঙ্গলবার সেখানে গিয়ে বিয়ে বন্ধ করা হয়।
“তারা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার জন্য অভিভাকদের লিখিত অঙ্গীকার আদায় করা হয়।”
এরপর বৃহস্পতিবার ওই ছাত্রী নিজ পছন্দে বিয়ে হচ্ছে দেখিয়ে কাজী তা নিবন্ধন করেন।
এ খবর পেয়ে ইউএনও তাদের বিয়ের নিবন্ধনের কাগজপত্রসহ তার কার্যলয়ে কাজীকে উপস্থিত হতে নির্দেশ দেন।
তারা ইউএনও কার্যালয়ে উপস্থিত হলে ইউএনও বিয়ের নিবন্ধন বই, নিবন্ধন ফি আদায়ের রশিদ বইসহ সব কাগজ জব্দ করে সঙ্গীসহ কাজীকে কারাগারে পাঠান।
