রাজশাহীর ৪ জেলায় রোববার শিবিরের হরতাল
রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন ইয়াহিয়াসহ আট কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে রোববার রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে শিবির।
বৃহস্পতিবার বিকেল ৫টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রচার সম্পাদক মহসিন আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।
ভোরে নগরীর মালোপাড়া ছাত্রশিবির নিয়ন্ত্রিত কনটেস্ট কোচিং সেন্টার থেকে অপর গ্রেপ্তারকৃতরা হলেন, আরিফুল ইসলাম, আব্দুল কাদের বাপ্পী, মিনহাজুল ইসলাম, আবু ছায়েম, কবির হোসেন, আরিফুর রহমান ও মতিউর রহমান। তারা সবাই রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র।
রাজশাহী র্যাবের অধিনায়ক লে. কর্ণেল আনোয়ার লতিফ খান জানিয়েছেন,
গ্রেপ্তারকৃতদের কাছে থেকে ১৩টি হাত বোমা, আট রাউন্ড গুলিসহ একটি ম্যাগজিন, একটি নাইম এমএম পিস্তল ও দুইটি হাসুয়া উদ্ধার করা হয়েছে।
শিবিরের বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, ‘র্যাব-৫ এর একটি বিশেষ দল মালোপাড়ায় এক ছাত্রবাসে অভিযান চালিয়ে শিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদকসহ আট নেতাকর্মীকে আটক করে অস্ত্র উদ্ধারের নামে সাজানো ‘নাটক’ তৈরির চেষ্টা করছে।’
রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনায় রোববার সকাল-সন্ধ্যা হরতাল ছাড়াও শুক্রবার বিক্ষোভ করবে তারা।
গ্রেপ্তারের প্রতিবাদে শিবিরের তাণ্ডব
এ গ্রেপ্তারের প্রতিবাদে দুপুরে রাজশাহী শ্বিবিদ্যালয় সংলগ্ন অক্ট্রয়ের মোড়ে এবং নগরীর সোনাদিঘী এলাকায় ঝটিকা মিছিল বের করে ছাত্রশিবির।
মতিহার থানার ওসি আব্দুস সোবহান জানান, দুপুর আড়াইটার দিকে ছাত্রশিবির কর্মীরা অক্ট্রয়ের মোড়ে ঝটিকা মিছিল বের করে ৩/৪টি হাত বোমার বিস্ফোরণ ঘটায়।
“এসময় তারা একটি ট্রাক ভাংচুর করে।”
পুলিশ তাদের ধাওয়া করে কয়েক রাউন্ড রাবার বুলেট ছুঁড়লে তারা পালিয়ে যায় বলে জানান তিনি।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া জানান, সোনাদিঘী মোড় থেকে শিবির কর্মীরা ঝটিকা মিছিল বের করে দুইটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়।
