২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে উত্ত্যক্ত করায় সিরাজগঞ্জে সংঘর্ষ

এক ছাত্রীকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরের মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের দুই দল শিক্ষার্থীর সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 05:36 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষে আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সদর থানার ওসি রফিকুল ইসলাম খান জানান, সংঘর্ষ নিয়ন্ত্রণে ১৪ রাউন্ড কাঁদানে গ্যাস ও ১৮ রাউন্ড রবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

শিক্ষার্থীরা জানায়, দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে কটুক্তি করায় তার সহপাঠী দিয়ারধানগড়া মহল্লার আবির এবং স্নাতক শ্রেণির ছাত্র ভাঙ্গাবাড়ি মহল্লার আলালের মধ্যে কথা কাটাকাটি হয়।

পরে কলেজ প্রাঙ্গণের বাইরে উভয়পক্ষের সংঘর্ষ বাধে। এতে ধাওয়া পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ, ভাংচুর ও লুটপাটের ঘটনায় পথচারী এবং ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে সংঘর্ষ শহরের মুজিব সড়ক, বানিয়াপট্টি, আরমানী মোড়, থানা রোড, পুরাতন পোস্ট অফিস সড়ক, জুবলি বাগান লেন, খলিফা পট্টিসহ আশেপাশের ছড়িয়ে পড়ে।

১২টার দিকে পুলিশ ও র‌্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে মাওলানা ভাসানী ডিগ্রি কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, ঘটনাটি কলেজ প্রাঙ্গণের বাইরে ঘটেছে।