২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে ছাত্রদলের দুইপক্ষের সংঘর্ষ

হবিগঞ্জে ছাত্রদলের অভ্যন্তরীণ বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2013, 04:51 PM

Updated : 23 Aug 2022, 06:58 PM

বৃহস্পতিবার বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত শহরের রাজনগর এলাকায় এ সংঘর্ষে আহতদের মধ্যে ১০জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অন্যরা প্রাথমিক চিকিৎসা নেন।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) দেওয়ান মোহাম্মদ নুরুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে এ সংঘর্ষ ঘটেছে।

“বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।”

অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক ও হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) দেওয়ান মোহাম্মদ নুরুল ইসলামের নেতৃত্বে পুলিশের কয়েকটি দল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, জেলা ছাত্রদলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী ফরিদ ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুশফিক আহমেদের পক্ষের মধ্যে দলে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

সকালে শহরের বৃন্দাবন কলেজের কাছে ফরিদের সমর্থক পলাশের সঙ্গে মুশফিক পক্ষের কর্মী শহরের সুলতান মাহমুদপুর এলাকার সাইফুল ইসলাম রকির কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে দুই পক্ষ প্রথম দফা সংঘর্ষে জড়ায়। পরে সকাল ১১টায় পলাশের পক্ষ নিয়ে রাজনগর এবং রকির পক্ষে সুলতান মাহমুদপুর এলাকাবাসী আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।